কলকাতা, ২৪ মার্চ: সকাল থেকে অপেক্ষা। একাধিকবার সময় বদলের পরে শেষ পর্যন্ত সোমবার মধ্যরাতে বাংলার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাও আবার শুধুমাত্র অনলাইনে। তালিকা এখনও বুথে বুথে টাঙানো হয়নি। তেমনই অজানাই রয়ে গিয়েছে নানা জরুরি তথ্য। কত নামের নিষ্পত্তি হয়েছে? কত নাম বাতিল হয়েছে? সেই সংখ্যা কমিশন জানায়নি। ফলে বিভ্রান্তি অব্যাহত। আর মধ্যরাতে ‘গোপনে’ অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে মঙ্গলবার দুপুরে কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারকরা ছ’দিন আগে কাজ শেষ করার পরেও কেন কমিশনের এই দেরি? প্রশ্ন তুলেছেন তিনি। আশঙ্কা প্রকাশ করেছেন, গোটা বিষয়টির মধ্যে গভীর চক্রান্ত থাকতে পারে। এমনকী, একতরফাভাবে বিজেপির লোকজনের নাম তালিকায় তোলার সম্ভাবনাও উড়িয়ে দেননি মমতা।



