Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে সাদা থান, বিতর্ক

রাত পোহালেই ভোট গণনা। তার আগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের কালীতলা অঞ্চলে ২৪৩ নম্বর বুথের বিজেপি পোলিং এজেন্ট কঙ্কন বৈদ্যের বাড়ির সামনে কে বা কারা ‘সাদা থান’ কাপড় রেখে গিয়েছেন বলে অভিযোগ।

বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে সাদা থান, বিতর্ক
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাত পোহালেই ভোট গণনা। তার আগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের কালীতলা অঞ্চলে ২৪৩ নম্বর বুথের বিজেপি পোলিং এজেন্ট কঙ্কন বৈদ্যের বাড়ির সামনে কে বা কারা ‘সাদা থান’ কাপড় রেখে গিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে বাড়ির বাইরে বেরিয়েছিলেন কঙ্কন বৈদ্যের মা। তখনই তিনি বাড়ির দরজার সামনে একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন। প্যাকেটটি খুলে চমকে ওঠেন তিনি। ভিতর থেকে বেরিয়ে আসে একেবারে নতুন সাদা থান কাপড়। হিন্দু রীতি অনুযায়ী এই ধরনের সাদা কাপড় সাধারণত শোক বা মৃত্যুর প্রতীক হিসাবে বিবেচিত হয়। ফলে, ঘটনাটি ঘিরে আতঙ্ক দেখা দেয় পরিবারের মধ্যে।

Advertisement

বিজেপি নেতা কঙ্কন বৈদ্যের অভিযোগ, এটি কোনো সাধারণ ঘটনা নয়। পরিকল্পিতভাবে তাঁকে ভয় দেখানোর চেষ্টা। নির্বাচনে বিজেপির হয়ে আমি সক্রিয়ভাবে কাজ করেছি বলে তৃণমূলের লোকজন এই কাণ্ড ঘটিয়েছেন। এটা স্পষ্ট খুনের হুমকি। ঘটনার পর থেকেই বৈদ্য পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। কঙ্কনবাবুর বাবা-মা ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, যে কোনো সময় বড়ো ধরনের অঘটন ঘটতে পারে। ইতিমধ্যেই তাঁরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তাঁদের দাবি, এলাকায় বিরোধী রাজনৈতিক কর্মীদের ধারাবাহিকভাবে ভয় দেখানো চলছে। যদিও, এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের বক্তব্য, বিরোধীদের তরফে ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। আর হিঙ্গলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ