Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ফলতার ভোট গণনা দ্বিতীয় স্থানে কোন দল? জোর চর্চা

আজ, রবিবার ফলতার পুনর্নির্বাচনের ভোট গণনা। ফলতার ফলাফলে কোন দল দ্বিতীয় হবে, এবার কৌতূহল তুঙ্গে তা নিয়েই। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই আসনে ভোটগ্রহণ হয়েছে।

আজ ফলতার ভোট গণনা  দ্বিতীয় স্থানে কোন দল? জোর চর্চা
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, রবিবার ফলতার পুনর্নির্বাচনের ভোট গণনা। ফলতার ফলাফলে কোন দল দ্বিতীয় হবে, এবার কৌতূহল তুঙ্গে তা নিয়েই। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই আসনে ভোটগ্রহণ হয়েছে। তাই রাজনৈতিক মহলের দাবি, এই আসন ইতিমধ্যে বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে। তাই এখন কোন দল দ্বিতীয় হয়, সেটাই দেখার। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান কত ভোট পান, নজর থাকবে সেদিকেই। সূত্রের খবর, সব মিলিয়ে ২০ রাউন্ড গণনা হওয়ার কথা। গণনাকেন্দ্রে থাকবে ১৪টি টেবিল। দুপুর ১২টার মধ্যে হার-জিতের ছবিটা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগে এই কেন্দ্রেও যথারীতি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়েছিল। সেই ভোট অবশ্য বাতিল হয়নি। তাই নিয়ম অনুযায়ী গণনার শুরুতে এই ভোটই গণনা হবে। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে হবে গণনা। তার আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজেপি, সিপিএমের তরফে স্ট্রং রুমে নজর রাখা হলেও দেখা নেই তৃণমূলের। ভোটের দিন বেশিরভাগ বুথেই এজেন্ট ছিল না সদ্যপ্রাক্তন শাসক দলের। গণনা কেন্দ্রেও একই ছবি দেখা যাবে বলে মনে করছেন অনেকে। বিজেপি নেতাকর্মীদের মধ্যে গণনা নিয়ে ব্যাপক উন্মাদনা এখন থেকেই। তাঁদের দাবি, ফলতার মানুষ রবিবার থেকে নতুন দিন দেখবে। এদিকে, গণনা শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফলতায় আসার কথা রয়েছে। তিনি প্রচারে এসে জানিয়েছিলেন, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার গলায় প্রথম জয়ের মালা তিনি পরাবেন। তার জন্যও প্রস্তুতি সেরে রাখছে বিজেপি নেতৃত্ব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ