দীর্ঘ বেশ কয়েকবছর বাদে শীতলতম বর্ষবরণ শহরে। গতকাল, বুধবার অনেকটাই কমে গিয়েছিল রাজ্য তথা শহরের তাপমাত্রা। জাঁকিয়ে ঠান্ডা পড়লেও দমেনি রাজ্যবাসী। ইংরেজি নববর্ষকে সাদরে স্বাগত জানিয়েছে আট থেকে আশি। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার। সকালে হাল্কা কুয়াশা ছিল, যা বেলা বাড়তেই কেটে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


