নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বৃহস্পতিবার রাতের আকাশে কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল একটি ‘আগুনের গোলা’। তীব্র গতিতে ওই সেটিকে ধেয়ে যেতে দেখা যায়। আর তারপরই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারদিক। জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহারের বিভিন্ন স্থান থেকেও শোনা গিয়েছে মারাত্মক ওই শব্দ। বস্তুটি কী? তা নিয়ে দেখা দিয়েছিল রহস্য। অবশেষে সব জল্পনার অবসান। শুক্রবার সকালে হরিরামপুর থানার লঘুচরে এক কৃষকের জমি থেকে একটি বড় মাপের উল্কাপিণ্ড উদ্ধার হয়েছে। গত রাতে এটিকে আকাশে দেখা গিয়েছিল বলে মনে করা হচ্ছে।
বিষয়টি চাউর হতেই উল্কাপিণ্ডটি দেখতে সকালে বহু মানুষ ভিড় করতে থাকেন। খবর পৌঁছায় হরিরামপুর থানায়। পুলিশ পৌঁছে সেটি উদ্ধার করে। জানা গিয়েছে, উদ্ধার উল্কাপিণ্ডটি দেখতে একবারে কালচে সবুজ রঙের। ওজন এক কিলো ৬৫০ গ্রাম।
গতকাল রাতের আকাশে ধেয়ে যাওয়া আগুনের গোলাটির ভিডিও কয়েক সেকেন্ডের জন্য মোবাইলে ক্যামেরা বন্দি করতে সক্ষম হন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এরপরই পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। ছোটাছুটি শুরু করে দেন বিভিন্ন থানার পুলিশ কর্মীরা। সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলিও এনিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে। উল্কাপিণ্ডটি উদ্ধার হওয়ায় স্বস্তিতে তারা।