Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্যটন ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ করতে হবে পশ্চিমবঙ্গকে: মুখ্যমন্ত্রী

দেশের পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গকে আরও উজ্জ্বল করে তুলে ধরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পর্যটন ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ করতে হবে পশ্চিমবঙ্গকে: মুখ্যমন্ত্রী
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গকে আরও উজ্জ্বল করে তুলে ধরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি বলেন, ‘দার্জিলিংয়ের থেকে গ্যাংটকে বেশি পর্যটক যাচ্ছে। রাজ্যের উপর দিয়েই যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গকে সর্বশ্রেষ্ঠ করে তুলতে হবে, যাতে মানুষ বেশি বেশি করে পশ্চিমবঙ্গেরই বিভিন্ন পর্যটন কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দেন।’  সূত্রের খবর, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে যে মেগা শো হবে, সেখানে তিন হাজার ড্রোনে শো হবে। তার জন্য প্রয়োজনীয় অনুমোদন নিতে আলোচনা শুরু হয়েছে। 

Advertisement

শুক্রবার ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যের পর্যটন ক্ষেত্রের উন্নয়ন নিয়ে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষসহ বিশিষ্টরা। সেখানেই ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে’ স্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পর্যটনের নতুন লোগো উন্মোচন করেন শুভেন্দু। প্রকাশ করা হয় পর্যটন দপ্তরের থিম টোন। দপ্তরের নম্বরে ফোন করলেই বাজবে সেই টোন। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের অধীনে থাকা ট্যুরিস্ট লজগুলির মানোন্নয়নের নির্দেশ দেন। একই সঙ্গে পূর্বতন সরকারের আমলে বেশ কিছু ট্যুরিস্ট লজ প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে বক্সায় বাঘ ছাড়া হবে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।  
এদিকে, জলসম্পদ ভবনে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করার জন্য পারমিতা সেন নামে এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। একটি ইংলিশ মিডিয়াম স্কুলে এক শিশু চন্দনের টিপ পরে আসায় আপত্তি জানিয়ে তা মুছে দিয়েছিলেন এক শিক্ষিকা। তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে জানান শুভেন্দু। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ