নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চৈত্রের শুরুতেই তীব্র দাবদাহ পরিস্থিতি। একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে তাপমাত্রা। শহর থেকে জেলায়, গরমে নাজেহাল সকলেই। এই পরিস্থিতি আপাতত বজায় থাকবে আগামী বুধবার পর্যন্ত। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবার পশ্চিমের কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। এদিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী বুধবারের পর দক্ষিণবঙ্গের হাওয়া বদলের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তবে ততদিন পর্যন্ত এই দাবদাহ পরিস্থিতি বজায় থাকবে বলে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।