সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগর ১ ব্লকের ভাতজাংলা পঞ্চায়েতের বকুলতলা পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। ওই এলাকায় একটিই সরকারি টিউবওয়েল আছে। যেখানে এলাকার অনেক মানুষ দৈনন্দিন কাজের জন্য জল নিতে ভিড় করেন। পঞ্চায়েতের তরফে কয়েক বছর আগে পাইপলাইন বসানো হয়েছিল এবং প্রতিটি বাড়িতে ট্যাপ কলও লাগানো হয়েছিল। কিন্তু চার-পাঁচ বছর কাটলেও এখনও জল আসেনি। ফলে গ্রামবাসীদের জলের সমস্যা মেটেনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে একটি করে টিউবওয়েল বসানো আছে। প্রথম যখন ওই কল বসানো হয় তখন জল খাওয়া যেত, কিন্তু এখন আর খাওয়া যায় না। তাই বেশির ভাগ মানুষ এখন টিউবওয়েলে জামাকাপড় ধোয়ার কাজই করেন। কয়েক বছর আগে এই টিউবয়েলের জল খেয়ে অনেকের সমস্যা হচ্ছিল তারপর আর কেউ খায় না। তবে সবার পক্ষে তো আর কিনে খাওয়া সম্ভব নয়, তারা জল ফুটিয়ে খান। টিউবওয়েলের চারপাশে জঙ্গল হয়ে গেলে বাসিন্দারাই পরিষ্কার করেন। টাইম কলগুলি ঠিকমতো চালু হলে জলের এই সমস্যা থাকত না। ভাতজাংলা পঞ্চায়েতের প্রধান বাবলু মণ্ডল বলেন, জলের লাইনের কাজ চলছে। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকবার পি এইচ ই ডিপার্টমেন্টকে বলেছি দ্রুত কাজ শেষ করার জন্য। আবারও তাঁদের বলব, যাতে দ্রুত কাজ সম্পন্ন হয় এবং প্রতি বাড়িতে জল পৌঁছায়। স্থানীয় বাসিন্দা রেখা বাগ বলেন, আগে আমরা এই টিউবয়েল থেকেই জল খেতাম। এখন ওই জল আর খাওয়া যায় না। কিনেই জল খেতে হয়। পঞ্চায়েত তিন-চার বছর আগে বাড়ি, বাড়ি জলের লাইন দেবে বলল, সেই জল এখনও পেলাম না।