Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

৯০ দিন নয়, আবাসে এবার মজুরি ১২০ দিনের

প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের সুবিধা প্রাপকদের মজুরির টাকা বাড়াতে চলেছে কেন্দ্র। তিনটি কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা ছাড়াও বর্তমানে ভিবি জিরামজি (১২৫ দিনের কাজ) প্রকল্প থেকে ৯০ দিনের মজুরি পান এই প্রকল্পের উপভোক্তারা।

৯০ দিন নয়, আবাসে এবার মজুরি ১২০ দিনের
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের সুবিধা প্রাপকদের মজুরির টাকা বাড়াতে চলেছে কেন্দ্র। তিনটি কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা ছাড়াও বর্তমানে ভিবি জিরামজি (১২৫ দিনের কাজ) প্রকল্প থেকে ৯০ দিনের মজুরি পান এই প্রকল্পের উপভোক্তারা। এবার ৯০ দিনের বদলে ১২০ দিনের মজুরি দিতে গ্রামোন্নয়ন মন্ত্রকে অভ্যন্তরে জোর আলোচনা শুরু হয়েছে বলেই বিশেষ সূত্রে খবর। সেই ক্ষেত্রে শীর্ষস্তরে চূড়ান্ত মতামত নিয়ে শীঘ্রই শিবরাজ সিং চৌহানের মন্ত্রক বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসার পরিকল্পনা করেছে বলেই জানা গিয়েছে। 

Advertisement

কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হলে কী ভাবে লাভবান হবে আবাস প্রকল্পের উপভোক্তা? বর্তমানে সমতল এলাকার বাড়ি তৈরির অনুদান প্রাপককে ৯০ দিনের অদক্ষ শ্রমিকের মজুরি দেওয়া হয়। একজন অদক্ষ শ্রমিকের একদিনের মজুরি ৩০০ টাকা। সেই ক্ষেত্রে বর্তমানে মজুরি বাবদ ২৭ হাজার টাকা করে একজন আবাস উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। যা ১২০ দিন হলে, অনুদান প্রাপক পাবেন ৩৬ হাজার টাকা। পাহাড়ি এবং দুর্গম এলাকার উপভোক্তারা বর্তমানে পান ৯৫ দিনের মজুরি। ফলে তাঁদের ১২৫ থেকে ১৩০ দিনের মজুরি দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর। 
২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থবর্ষ পর্যন্ত গোটা দেশে ২ কোটি বাড়ির তৈরির টার্গেট রয়েছে কেন্দ্রের। যার উপভোক্তা বাছাইয়ের কাজ শেষ হয়েছে অধিকাংশ রাজ্যে। এরাজ্যে পালাবদলের পর জোর কদমে শুরু হয়েছে তালিকা তৈরির কাজ। ইতিমধ্যে ৩২ লক্ষের বেশি মানুষ আবেদন করেছেন। ৩১ আগস্ট পর্যন্ত চলবে আবেদন গ্রহণের কাজ। সমস্ত আবেদন যাচাই করে তৈরি হবে বাংলার আবাস প্রকল্পের প্রাপকদের চূড়ান্ত তালিকা। যার উপর ভিত্তি করে আর্থিক অনুমোদন দেবে 
কেন্দ্র। ফলে বাংলায় পুনরায় কেন্দ্রীয় আবাস প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে দ্রুত শুরু হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। তার আগে কেন্দ্রের মজুরি বৃদ্ধির ঘোষণা হয়ে গেলে, দেশের পাশাপশি এরাজ্যের আবাস উপভোক্তাদের অ্যাকাউন্টেও ৯০ দিনের বদলে ১২০ দিনের টাকা ঢুকবে বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল।
উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত জুন মাসে এরাজ্যে চালু হয়েছে ১০০ দিনের কাজের মনরেগা প্রকল্প। তার এক মাসের মাথায় ১ জুলাই থেকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাতেও শুরু হয়েছে ভিবি জিরামজির কাজ। যার মাধ্যমে ১২৫ দিনের কাজ প্রদান করা হচ্ছে রাজ্যের জবকার্ড হোল্ডারদের। এবার আবাস যোজনার প্রাপকদেরও এই প্রকল্পের মাধ্যমে মজুরি দিতে, তাঁদেরও জবকার্ড (না থাকলে) করিয়ে দেওয়ার উদ্যোগ নেবে রাজ্য। ভিবি জিরামজিতে পশ্চিমবঙ্গের জন্য চলতি অর্থবর্ষে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সেই ক্ষেত্রে আবাস প্রকল্পের উপভোক্তাদের ১২০ দিনের মজুরি দিতে কোনো সমস্যা হবে না বলেও মত সংশ্লিষ্ট মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ