Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন প্রয়াত

ভারতীয় বাম রাজনীতিতে নক্ষত্র পতন। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভি এস অচ্যুতানন্দন প্রয়াত।

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন প্রয়াত
  • ২১ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

তিরুবনন্তপুরম: ভারতীয় বাম রাজনীতিতে নক্ষত্র পতন। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভি এস অচ্যুতানন্দন প্রয়াত। বয়স হয়েছিল ১০১ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ, সোমবার তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অচ্যুতানন্দনের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

Advertisement

সরল জীবনযাপন ও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা এই ছিল অচ্যুতানন্দনের মূল ইউএসপি। কেরলে সিপিএম যখনই বিপদে পড়েছে, তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বর্ষীয়ান এই নেতা। সভা-সমাবেশগুলিতে মূল ‘ক্রাউড পুলার’ ছিলেন তিনি। আট দশকেরও বেশি দীর্ঘ রাজনৈতিক জীবনে শেষ পর্যন্ত আদর্শের প্রতি অবিচল ছিলেন। আজীবন সাধারণ মানুষের হয়ে সওয়াল করে গিয়েছেন। আক্ষরিক অর্থে সাধারণ মানুষের ‘নেতা’ ছিলেন ভিএস। রাজ্য রাজনীতির শাসক ও বিরোধী উভয় শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সমান জনপ্রিয়তা ছিল তাঁর। 

২০০৬ সাল। দীর্ঘদিন পরে কেরলে ক্ষমতায় ফেরে সিপিএম। যার মূল কুশিলব ছিলেন এই অচ্যুতানন্দনই। তখন তাঁর বয়স ৮২ বছর। অশীতিপর এই বৃদ্ধকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসায় সিপিএম। ২০১১ সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন। তার আগে ১৫ বছর কেরল বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। দক্ষিণের এই রাজ্যটিতে যা এখনও পর্যন্ত রেকর্ড।

ভিএস অচ্যুতানন্দনের জন্ম ১৯২৩ সালের ২০ অক্টোবর কেরলের আলাপুজাতে। অল্প বয়সে বাবা-মাকে হারান। গ্রাসাচ্ছাদনের জন্য দর্জির দোকানে কাজ করেছেন। ১৯৪০ সাল নাগাদ কমিউনিস্ট পার্টিতে যোগদান। তার আগে কাজ করেছেন ছোবড়ার কারখানায়। ১৯৬৪ সালে সিপিআই ভেঙে সিপিএম প্রতিষ্ঠায় অন্যতম কারিগরও ভিএস। ১৯৮৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত পার্টির পলিটব্যুরোর সদস্য ছিলেন।

সম্পর্কিত সংবাদ