Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপিকে ভোট মানে সিপিএমকে সমর্থন করা, বাম আমলের সন্ত্রাস মনে করিয়ে মন্তব্য অভিষেকের

রায়নায় সভা করতে এসে সিপিএমের অত্যাচারের কথা স্মরণ করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপিকে ভোট মানে সিপিএমকে সমর্থন করা, বাম আমলের সন্ত্রাস মনে করিয়ে মন্তব্য অভিষেকের
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুখেন্দু পাল, রায়না: রায়নায় সভা করতে এসে সিপিএমের অত্যাচারের কথা স্মরণ করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিজলনা, মাধবডিহি এলাকায় কীভাবে বাম জমনায় অত্যাচার করা হয়েছিল, সেই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সিপিএম আবার জার্সি বদল করে কালো দিন ফেরাতে চাইছে। বিজেপিকে ভোট দেওয়া মানে সিপিএমকে সমর্থন করা। এদিন রায়নার শ্যামসুন্দর মাঠে অভিষেকের সভায় ভিড় উপচে পড়েছিল। মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রায়নার দু’টি ব্লকের কর্মী এবং সমর্থকরা মাঠ ভরিয়ে দিয়েছিল। এদিনের সভায় তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দলের প্রার্থী মন্দিরা দলুই, সাংসদ শর্মিলা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অভিষেক বলেন, পূর্ব বর্ধমান দুর্জয় ঘাঁটি। এবারের নির্বাচনে রায়না থেকে ৫০ হাজারের বেশি লিড দিতে হবে।

Advertisement

রায়না বিধানসভা কেন্দ্রে তৃণমূল এবার প্রার্থী বদল করেছে। অভিষেক বলেন, শম্পা ধাড়া এখানে দীর্ঘদিন দায়ভার সামলেছে। আগামী দিনে দল তাঁকে কাজে লাগাবে। অন্য সুযোগ দেবে। তবে, কেউ দলের বিরুদ্ধে গেলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দল সবার উপর নজর রাখছে বলে তিনি জানিয়েছেন।
দক্ষিণ দামোদরের অর্থনীতি অনেকটাই গোবিন্দ ভোগ ধান চাষের উপর নির্ভরশীল। কিন্তু, কোনো বছর কৃষকরা এই ধানে ভাল দাম পায়, আবার কোনো বছর জলের দরে তা বিক্রি করতে হয়। তৃণমূলের সর্বভারতীয় নেতা বলেন, গোবিন্দভোগ চাল রপ্তানি হয়। রপ্তানির পলিসি কেন্দ্রীয় সরকার ঠিক করে। তারা রপ্তানি বন্ধ করে দিলে চাষিরা সমস্যায় পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকবন্ধু চালু করেছে। এই এলাকার প্রায় প্রতিটি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। আগামী দিনে এখানে হিমঘর তৈরি হবে। চাষিরা সবজি সেখানে সংরক্ষণ করতে পারবে। এছাড়া আগামী দিনে দমকল কেন্দ্র তৈরি করা হবে। বিজেপি কৃষকদের ভাল চায় না। মোদি সরকার সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে।
স্থানীয়রা বলছেন, রায়না এক সময় সিপিএমের অটুট দুর্গ ছিল। অনেকেই মজা করে বলেন, বাম জমানায় কমরেডদের কথা ছাড়া গাছের একটি পাতাও নড়ত না। সেই রায়নায় বামেরা তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে। সিপিএমের কর্মী এবং সমর্থকরাই বিজেপির ভোট ব্যাংক মজবুত করেছে। অভিষেক যুক্তিসঙ্গত কথাই বলেছেন বলে এলাকার বাসিন্দাদের দাবি। তাঁদের মতে, এখানে বিজেপিকে সমর্থন করা মানে সিপিএমের হাত শক্তিশালী করা। এদিন সভা শেষে হেলিপ্যাডে যাওয়ার সময় অভিষেক জেলার নেতাদের সঙ্গে কথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে জেতানোর নির্দেশ দেন। কে কী করছেন, কার সঙ্গে বৈঠকে যাচ্ছেন, সবটাই তাঁর গোচরে রয়েছে বলে তিনি জানিয়ে দিয়েছেন। রায়নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ