নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার ছিল জাতীয় ভোটার দিবস। নির্বাচন কমিশনের তরফে বেশ ঢাকঢোল পিটিয়ে দিনটি উদযাপন করা হয়। এমনকি, চলমান এসআইআর পর্বে ‘ভালো কাজের’ স্বীকৃতি হিসাবে রাজ্যের পাঁচ শতাধিক বুথ লেভেল অফিসারকে (বিএলও) সংবর্ধনা দিয়েছে তারা। যদিও তাতে বিএলওদের ক্ষোভ প্রশমিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। এই আবহে নির্বাচন কমিশনকে তীব্র সমালোচনায় বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র ধ্বংস করে ভোটার দিবস উদযাপনের কোনো নৈতিক অধিকার কমিশনের নেই বলে তোপ দেগেছেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের ‘প্রভু’ যে আসলে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি, তাও দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন। এসআইআর নিয়ে কমিশন যখন সাফল্যের ঢাক পেটাচ্ছে, তখন মমতা সামনে এনেছেন ১৩০ জনের মৃত্যুর পরিসংখ্যান। তাঁর কথায়, ‘নির্বাচন কমিশনকে বলি, আপনারা মানুষকে অভূতপূর্ব অত্যাচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন। আপনাদের অত্যাচারে এখনও পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। আপনারা যেভাবে ৮৫, ৯০, ৯৫ বছরের মানুষকে ডেকে পাঠাচ্ছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকেও আপনাদের সামনে হাজির হতে বাধ্য করছেন, তা করার অধিকার কি আপনাদের আছে? এই বেআইনি চাপ ও নিগ্রহের ফলে আত্মহত্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। আপনারা এটা করছেন আপনাদের রাজনৈতিক প্রভুর নির্দেশে।’



