Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্য হাওড়ায় ৪ নং বরো অফিস পরিদর্শন, পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিল বিজেপি

নাগরিক পরিষেবার বেহাল দশা, স্বাস্থ্য পরিষেবায় গাফিলতি থেকে শুরু করে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ— মঙ্গলবার হাওড়ার শহর ও গ্রামীণ এলাকার দুই পৃথক প্রান্তে সরব হতে দেখা গেল বিজেপিকে।

মধ্য হাওড়ায় ৪ নং বরো অফিস পরিদর্শন, পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিল বিজেপি
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নাগরিক পরিষেবার বেহাল দশা, স্বাস্থ্য পরিষেবায় গাফিলতি থেকে শুরু করে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ— মঙ্গলবার হাওড়ার শহর ও গ্রামীণ এলাকার দুই পৃথক প্রান্তে সরব হতে দেখা গেল বিজেপিকে। মধ্য হাওড়ায় পুরসভার বরো অফিস ও উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, সাঁকরাইলে পঞ্চায়েতের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

Advertisement

এদিন সকালে মধ্য হাওড়ার ৪ নম্বর বরো অফিস এবং হাওড়া পুরসভার একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে আচমকাই পরিদর্শনে যান মধ্য হাওড়া বিজেপির কনভেনার শিবশঙ্কর সাঁধুখা। তাঁর সঙ্গে ছিলেন দলের কর্মী-সমর্থকরা। শিবশঙ্করবাবুর দাবি, দীর্ঘদিন ধরেই এই বরো এলাকায় বেআইনি কাজকর্মের অভিযোগ আসছিল। পাশাপাশি উপ-স্বাস্থ্যকেন্দ্রে রোগী পরিষেবা ঠিকমতো মিলছে না বলেও স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়েছি আমরা। সেই কারণেই এদিন বরো আধিকারিক এবং স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে দ্রুত পরিষেবার মানোন্নয়নের দাবি জানানো হয়। একইসঙ্গে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির তরফে। এছাড়াও মধ্য হাওড়ার বেহাল রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থার দুরবস্থা, পানীয় জলের সমস্যা সহ একাধিক নাগরিক অভিযোগ তুলে পুর কমিশনারের কাছে চিঠি পাঠানো হয় বিজেপি তরফে। দ্রুত পুর পরিষেবা স্বাভাবিক করার দাবিও জানানো হয়েছে সেখানে।
অন্যদিকে, সাঁকরাইলের কলোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে মঙ্গলবার বিকালে ডেপুটেশন জমা দেয় বিজেপি। বিকাল প্রায় ৩টে নাগাদ বিজেপি নেতৃত্ব পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়। সেখানে বিক্ষোভ দেখিয়ে আবাস যোজনা থেকে উম-পুনে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে সরকারি আধিকারিকের হাতে ডেপুটেশনের কপি তুলে দেওয়া হয়। বিজেপির দাবি, এদিন পঞ্চায়েত প্রধান বা কোনো নির্বাচিত সদস্য কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ