নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপে মোহন বাগানের প্রাথমিক পরিকল্পনায় নেই রবসন রবিনহো। তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ হোসে মোলিনা। আসলে ফেডারেশন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। এর উপর নির্ভর করছে আইএসএলের ভাগ্য। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র জন্য শক্তিশালী দল গড়ছে পালতোলা নৌকা বাহিনী। সেখানে বিদেশি খেলানোয় কোনও বাধ্যকতা নেই। রবসনের সঙ্গে প্রাথমিক চুক্তিতে সই সেরে রেখেছে সবুজ-মেরুন। সেক্ষেত্রে ভারতে তাঁকে মোহন বাগানেই খেলতে হবে।
এদিকে, মঙ্গলবার শহরে পা রেখেছেন অভিষেক টেকচাম সিং। আগামী দু’একদিনের মধ্যেই হবে তাঁর মেডিক্যাল টেস্ট। এছাড়াও চলে আসার কথা বিশাল কাইথ, লিস্টন কোলাসো, মনবীর সিংয়ের। এরপর শুরু হবে ডুরান্ডের প্রস্তুতি। আগস্টের প্রথম সপ্তাহে কোচ মোলিনা সহ বিদেশি ফুটবলাররাও যোগ দেবেন অনুশীলনে। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পূর্ণশক্তির দল মাঠে নামাতে চান স্প্যানিশ কোচ। চলতি মরশুমে অধিনায়ক হওয়ার দৌড়ে শীর্ষে বিশাল। এছাড়াও নাম রয়েছে মনবীর ও দিমিত্রি পেত্রাতোসের। আবার জেমি ম্যাকলারেনের নেতৃত্ব ক্ষমতা কাজে লাগাতে চান কোচ মোলিনা। এক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্প্যানিশ হেড স্যার।