Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটের অর্ধশতরান, ব্যাটে-বলে অনবদ্য ক্রুণালও, দুরন্ত জয়ে লিগ শীর্ষে আরসিবি

চলতি আইপিএলে বিরাট কোহলির দুরন্ত ফর্ম অব্যাহত। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এল আরও এক অর্ধ-শতরান

বিরাটের অর্ধশতরান, ব্যাটে-বলে অনবদ্য ক্রুণালও, দুরন্ত জয়ে লিগ শীর্ষে আরসিবি
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি আইপিএলে বিরাট কোহলির দুরন্ত ফর্ম অব্যাহত। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এল আরও এক অর্ধ-শতরান। বিরাটের ৪৭ বলে ৫১ রানের নির্ভরযোগ্য ইনিংসের সুবাদে দুরন্ত ৬ উইকেটে জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সঙ্গে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে এল তারা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে আট উইকেটে ১৬২ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাবে ৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি (১৬৫-৪)। বিরাটের সঙ্গে ব্যাট হতে যোগ্য সঙ্গ দেন ক্রুণাল পান্ডিয়া। ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি। পাশাপাশি বল হাতে নেন একটি উইকেট। তাই ম্যাচের সেরা নির্বাচিত হন এই বাঁ হাতি অলরাউন্ডার।

Advertisement

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল দিল্লি ক্যাপিটালস। ওপেনার অভিষেক পোড়েল রীতিমতো ঝড় তোলেন। ২টি চার ও ২টি ছক্কা সহ মাত্র ১১ বলে তাঁর সংগ্রহ ২৮। শেষ পর্যন্ত ভয়ঙ্কর পোড়েলকে ফেরান জস হ্যাজলউড। আর এক ওপেনার ফাফ ডু’প্লেসি সদ্য চোট সারিয়ে ফিরেছেন। তাঁকে অবশ্য এই ম্যাচে চেনা ছন্দে পাওয়া গেল না। ২৬ বলে ২২ রানের ইনিংসে মাত্র ২টি বাউন্ডারি মারেন তিনি। তিনে নামা করুণ নায়ারও (৪) এদিন হতাশ করেন। এই পর্বে মনে হচ্ছিল কোনওক্রমে একশো রানের গণ্ডি টপকাবে দিল্লি। তবে কঠিন সময়ে ভরসা জোগাল লোকেশ রাহুলের চওড়া ব্যাট। ৩টি চার সহ ৩৯ বলে ৪১ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। উল্টোদিকে, ক্যাপ্টেন অক্ষরের ব্যাট থেকে ১৫ রানের বেশি আসেনি। তবে শেষ দিকে ৫টি চার ও ১টি ছক্কা সহ ১৮ বলে ট্রিস্টান স্টাবসের ৩৪ রানের ইনিংসে ভর করে দেড়শোর গণ্ডি টপকায় দিল্লি। আরসিবি’র সফলতম বোলার ভুবনেশ্বর কুমার তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া জস হ্যাজলউডের শিকার দু’টি।
জবাবে শুরুটা মোটেই ভালো হয়নি বেঙ্গালুরুর। ফিল সল্টের পরিবর্তে দলে সুযোগ পাওয়া জেকব বেথেল মাত্র ১২ রান করে ডাগ-আউটে ফেরেন। তিনে নামা দেবদূত পাদিক্কাল তো খাতাই খুলতে পারেননি। ক্যাপ্টেন রজত পাতিদার (৬) আবার রান আউট হয়ে মাঠ ছাড়েন। একটা সময় আরসিবি’র স্কোর ছিল ৩ উইকেটে ২৬। তবে চাপের মুখে আরও একবার দলকে টানলেন বিরাট। একের পর এক উইকেট পড়তে থাকলেও, কোহলি কোনওরকম ঝুঁকি নেননি। এরপর ক্রুণাল ক্রিজে থিতু হতেই স্বাভাবিক ছন্দে ধরা দেন ভিকে। চতুর্থ উইকেটে ১১৯ রান তোলেন কোহলি ও ক্রুণাল। সেই সঙ্গে সর্বাধিক রান সংগ্রহকারী তালিকায় শীর্ষে উঠে কমলা টুপির মালিক হলেন তিনি (৪৪৩)। বিরাট ফেরার পর টিম ডেভিড মাত্র ৫ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে জয়ের লক্ষ্যে পৌঁছয় আরসিবি। দিল্লির হয়ে অক্ষর দু’টি উইকেট নেন। এই হারের ফলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে নামল দিল্লি।

Advertisement
সম্পর্কিত সংবাদ