Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আসন্ন আইপিএলে বিরাট আরও ক্ষুধার্ত থাকবে, মত ইরফানের

আইপিএলের দামামা বেজে গিয়েছে। এই মাসে শুরু কোটিপতি লিগ। ইংল্যান্ডে আইপিএলের প্র্যাকটিস শুরু করে দিয়েছেন বিরাট কোহলি।

আসন্ন আইপিএলে বিরাট আরও ক্ষুধার্ত থাকবে, মত ইরফানের
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: আইপিএলের দামামা বেজে গিয়েছে। এই মাসে শুরু কোটিপতি লিগ। ইংল্যান্ডে আইপিএলের প্র্যাকটিস শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। গতবারের ফাইনালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গুরুত্বপূর্ণ ৪৩ করেছিলেন তিনি। ১৫ ম্যাচে দলের হয়ে সর্বাধিক ৬৫৭ রান তাঁরই। ভারতের প্রাক্তন বাঁ-হাতি পেসার ইরফান পাঠান বলেছেন এবারের আসরেও রানের খিদে সঙ্গী হবে কোহলির। ইরফানের মতে, ‘আমার তো মনে হয়, অন্যান্যবারের চেয়েও অনেক বেশি রানের খিদে নিয়ে নামবে কোহলি। নিশ্চিতভাবেই টানা দু’বার ট্রফি জিততে মরিয়া থাকবে। চাইবে নিজের ছাপ রাখতে।’

Advertisement

২৮ মার্চ উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামেই হবে ম্যাচ। ইরফানের মতে, রজত পাতিদারের দলে কোহলি ছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন দেবদূত পাদিক্কাল। তাঁর কথায়, ‘এবারের আইপিএলে পাদিক্কাল বড় ভূমিকা নিতে চলেছে। ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই ও রান করেছে। ব্যাটসম্যান হিসেবে উন্নতিও করেছে যথেষ্ট। একটা সময় ওর টাইমিং হচ্ছিল না। কিন্তু সেসব অতীত। ও এখন মারাত্মক আত্মবিশ্বাসী ক্রিকেটার।’
এদিকে, মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের জল্পনা তাই ক্রমশ বাড়ছে। দলে যেহেতু রাজস্থান রয়্যালস থেকে আসা সঞ্জু স্যামসন রয়েছেন, তাই তিনি প্রতিটি ম্যাচ খেলবেন কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এই প্রসঙ্গে বলেছেন, ‘ধোনি খেলবে তো বটেই। তবে সব ম্যাচ খেলবে কি না তা বলতে পারছি না। এটা ক্রিকেটীয় স্টাফরা সিদ্ধান্ত নেবেন, প্রশাসনিক স্টাফরা নয়। ব্যাটার নাকি উইকেটকিপার-ব্যাটার অথবা ইমপ্যাক্ট প্লেয়ার— কী হিসেবে মাহি খেলবে তা ওরাই ঠিক করবে।’ উল্লেখ্য, ধোনির ব্যাটিং পজিশন নিয়ে গত কয়েক মরশুম ধরেই চলছে বিতর্ক। তিনি এমনকী সাত-আট নম্বরেও নেমেছেন। বেশি সময় ক্রিজে কাটানোর মতো ফিটনেস তাঁর নেই বলেই জানানো হয়েছে বারবার। ফলে ৪৪ বছর বয়সে তাঁর ভূমিকা কী হতে চলেছে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে ক্রিকেটমহলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ