


মুম্বই, ১২ নভেম্বর: ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে স্পষ্ট বার্তা বিসিসিআইয়ের। জাতীয় দলে সুযোগ পেতে গেলে ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক বলেই দুই তারকা ক্রিকেটারকে জানিয়েছে বোর্ড। আপাতত দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী ১৪ নভেম্বর থেকে টেস্ট খেলতে নামবেন শুভমান গিলরা। তারপরেই রয়েছে ওয়ান ডে। তাতে বিরাট ও রোহিত স্থান পাবেন কিনা সেই নিয়ে জল্পনা চলছেই। তার মাঝেই ‘রো-কো’কে কড়া বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত অবশ্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, তিনি বিজয় হাজারে ট্রফি খেলার জন্য তৈরি। কিন্তু বিরাট কোহলির তরফে কোনও উত্তর আসেনি এখনও পর্যন্ত।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘বিরাট ও রোহিতকে স্পষ্ট করে বলা হয়েছে দেশের হয়ে সুযোগ পেতে গেলে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দু’জনেই। ঘরোয়া ক্রিকেট খেলে বিরাট ও রোহিতকে প্রমাণ করতে হবে তাঁরা দলে নেওয়ার জন্য ফিট।’ ক্রিকেটের দুই ফরম্যাট থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর নেওয়ার পরই জল্পনা শুরু হয় তবে কী ওয়ান-ডে থেকেও বিদায় নেবেন তাঁরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যায় তাঁদের। অজিদের বিরুদ্ধে বিরাটের ব্যাট থেকে বড় রান না এলেও, রোহিত খেলেছেন বড় ইনিংস। সম্প্রতি ১০ কেজি ওজনও ঝড়িয়ে আরও ফিট হয়েছেন ‘হিটম্যান’। তৃতীয় ওয়ান ডেতে ৭৪ রান করেছিলেন কোহলি। এই মুহূর্তে ভারত সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ম্যাচের পর তিনটি ওয়ান-ডে খেলবে প্রোটিয়ারা। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে ওয়ান-ডে।