Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রায়পুরে আজ বিরাট-রোহিত দ্বৈরথ

গত দুটো ম্যাচেই হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর শেষ পাঁচ ম্যাচের নিরিখে সংখ্যাটা তিন। হঠাৎ পদস্খলনে বেশ চাপে গতবারের চ্যাম্পিয়নরা। অথচ, শুরুতে টানা চার ম্যাচ জিতে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল বিরাট কোহলিদের।

রায়পুরে আজ বিরাট-রোহিত দ্বৈরথ
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

রায়পুর: গত দুটো ম্যাচেই হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর শেষ পাঁচ ম্যাচের নিরিখে সংখ্যাটা তিন। হঠাৎ পদস্খলনে বেশ চাপে গতবারের চ্যাম্পিয়নরা। অথচ, শুরুতে টানা চার ম্যাচ জিতে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল বিরাট কোহলিদের। ১০ ম্যাচে পকেটে এখন ১২ পয়েন্ট। প্লে-অফের সম্ভাবনা অবশ্য পুরো দস্তুর রয়েছে। তবে তার জন্য অবিলম্বে জয়ের পথে ফিরতে হবে রজত পাটীদারের দলকে। রবিবার রায়পুরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ সেজন্যই গুরুত্বপূর্ণ।

Advertisement

নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি অবশ্য ১০ ম্যাচে ৬ পয়েন্টে ধুঁকছে। তবে শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে দাপটের সঙ্গে ৬ উইকেটে হারিয়েছে মুম্বই। রোহিত শর্মা ও রায়ান রিকেলটন, দুই ওপেনারের বিধ্বংসী ইনিংসই গড়ে দেয় জয়ের ভিত। চোট সারিয়ে ফেরা হিটম্যান ৪৪ বলে করেন ৮৪। পরাজয়ের হ্যাটট্রিকের পর ওই জয় শিবিরের গুমোট ভাব কাটিয়েছে। তবে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ধন্দ থাকছেই। পিঠের সমস্যায় লখনউয়ের বিরুদ্ধে খেলেননি মুম্বই ক্যাপ্টেন। তবে দলের সঙ্গে রায়পুরে এসেছেন তিনি। সদ্য পিতৃত্বের স্বাদ পাওয়া সূর্যকুমার যাদব এই ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন। তবে তিনিও ফর্মে নেই। একইভাবে ধারাবাহিকতার অভাবে ভুগছেন তিলক ভার্মা।
রবিবার অবশ্য রোহিত ও বিরাটের দ্বৈরথ নিয়ে উত্তেজনা বাড়ছে ক্রিকেট মহলে। ‘চেজমাস্টার’ কিছুদিন আগেও ছিলেন অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে খাতাই খোলেননি তিনি। আরসিবি’কে চিন্তায় রাখছে ওপেনার জেকব বেথেল ও মিডল অর্ডার ব্যাটার জিতেশ শর্মার অফ ফর্ম। ফিল সল্টের চোটের ফলে দলে আসা বেথেল চার ইনিংসে করেছেন যথাক্রমে ১৪, ২০, ৫ ও ৪। কিপার-ব্যাটার জিতেশের অবস্থাও তথৈবচ। মুম্বইয়ের বোলিং আক্রমণ আবার রীতিমতো শক্তিশালী। যশপ্রীত বুমরাহ, করবিন বশের সঙ্গে স্পিন বিভাগে আছেন গজনফার, উইল জ্যাকসরা। বেঙ্গালুরুর পেস বোলিং মূলত ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজলউডের উপর নির্ভরশীল। স্পিন বিভাগের দায়িত্বে ক্রুণাল পান্ডিয়া ও সুয়াশ শর্মা।

Advertisement
সম্পর্কিত সংবাদ