আইপিএলকে বিদায় জানাতে পারেন বিরাট
  • ১৩ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

বেঙ্গালুরু: আন্তর্জাতিক টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধুমাত্র ওডিআই এবং আইপিএলে খেলেন মহাতারকা। কিন্তু শোনা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাণিজ্যিক সংস্থার সঙ্গে কিছুতেই নতুন চুক্তি করছেন না ভিকে। তাহলে কি এবার আইপিএল থেকেও অবসর নেবেন তিনি? জল্পনায় সরগরম ক্রিকেট মহল।

Advertisement

আরসিবি’র সঙ্গে যুক্ত এক সংস্থা ২০২৬ আইপিএলে বিরাট কোহলিকে মুখ করে প্রচার করতে চায়। এই বিষয়ে নতুন চুক্তির জন্য কোহলিকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে তারা। কিন্তু ভিকে তাদের অপেক্ষা করতে বলছেন। এমনকী আরসিবি’র প্রচারে নিজের মুখ ব্যবহারের সম্মতিও তিনি দিচ্ছেন না বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার দেশের জার্সিতে দেখা গিয়েছে কোহলিকে। এখন তিনি পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন। প্রচারের আলো থেকেও যথাসম্ভব দূরে থাকছেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে খেলবেন দ্য রান মেশিন। বিশেষজ্ঞদের ধারণা, দেশের হয়ে ২০২৭ ওডিআই বিশ্বকাপ খেলেই ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি। তবে বিরাট এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তাছাড়া নতুন করে আর কিছুই পাওয়ার নেই তাঁর। ২০১১ সালে ভারতের ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপও জিতেছেন। এমনকী গত মরশুমে আইপিএল ট্রফিরও স্বাদ পেয়েছেন। তাই অস্ট্রেলিয়া সফরের পরই বিরাট যদি আচমকা অবসর ঘোষণা করেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভুললে চলবে না, ভিকে কিন্তু আগেই বলে রেখেছেন, যেদিন খিদে থাকবে না সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। আর সে জন্যই উৎকণ্ঠা বাড়ছে অনুরাগীদের।