Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

বিরাট কোহলি মানেই বিনোদনের ভরপুর প্যাকেজ, মন্তব্য ধোনির

২০০৮ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির। জাতীয় দলের অধিনায়ক তখন মহেন্দ্র সিং ধোনি।

বিরাট কোহলি মানেই বিনোদনের ভরপুর প্যাকেজ, মন্তব্য ধোনির
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০

চেন্নাই: ২০০৮ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির। জাতীয় দলের অধিনায়ক তখন মহেন্দ্র সিং ধোনি। তিন বছর পর মাহির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের অন্যতম সৈনিকও ছিলেন বিরাট। ২২ গজের বাইরেও দুই কিংবদন্তির সুসম্পর্ক অটুট। কিং কোহলিকে এদিন প্রশংসায় ভরালেন মাহি। বৃহস্পতিবার চেন্নাইতে এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ধোনি। কথায় কথায় আসে কোহলির প্রসঙ্গ। মুচকি হেসে ক্যাপ্টেন কুল বলেন, ‘বিরাট টোটাল প্যাকেজ। ভীষণ আমুদে। সবাইকে জমিয়ে রাখতে পারে।’ রীতিমতো আড্ডার মেজাজে ধোনির সংযোজন, ‘কোহলির গানের গলা দারুণ। নাচেও পারদর্শী। অন্যকে নকল করতেও দক্ষ।’ গাম্ভীর্যের আড়াল সরিয়ে প্রশ্রয়ের হাসি তাঁর মুখে। আসলে কোহলি বরাবরই আবেগপ্রবণ। মাঠে প্রবল আগ্রাসী। ব্যাট হাতে তো বটেই, ফিল্ডিংয়ের সময়ও আক্রমণাত্মক মেজাজ প্রকাশ পায়। অন্যতম সেরা ভারতীয় ক্রিকেটারকে নিয়ে সবসময় প্রবল চর্চা ক্রিকেটপ্রেমীদের আলোচনায়। তাতে আরও মশলা যোগ হল ধোনির মন্তব্যে।

Advertisement

সিনিয়র সম্পর্কে কোহলিও বরাবর শ্রদ্ধাশীল। এর আগে একাধিকবার তা প্রকাশ করেছেন তিনি। বিরাট  টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব ছাড়ার সময় গনগনে বিতর্ক তৈরি হয়। কঠিন সময়ে বিরাটকে মোবাইলে বার্তা পাঠিয়েছিলেন ধোনি। পরবর্তীতে কোহলি বলেন, ‘মাহি ভাই ফোনের পাশে থাকতে পছন্দই করে না। সারাদিনে দুশোবার ফোন করলেও পাওয়া মুশকিল। কিন্তু চাপের সময়ে আমায় টেক্সট করতে ভোলেনি। অথচ ওই সময় অনেকেই আমায় এড়িয়ে গিয়েছিল।’
এদিকে, মহেন্দ্র সিং ধোনি আর কতদিন আইপিএলে খেলা চালিয়ে যাবেন? সেটাই বড় প্রশ্ন সমর্থকদের। সম্প্রতি এক অনুষ্ঠানেও তাঁকে প্রশ্ন করা হয়, আগামী মরশুমে সিএসকে’তে থাকছেন কিনা? এই প্রসঙ্গে মাহির জবাব, ‘আগেও বলেছি, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় আছে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন, আগামী মরশুমে হলুদ জার্সি পরব কিনা! তাহলে আমার উত্তর, হ্যাঁ অবশ্যই পরব। তবে খেলোয়াড় হিসেবে পরছি কিনা, তা অন্য বিষয়।’ একটু থেমে ধোনি আরও বলেন, ‘আমি চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকব। পরের ১৫-২০ বছর থাকব। তবে হয়তো খেলোয়াড় হিসেবে নয়। আসলে এই টিম থেকে অনেক কিছু পেয়েছি। সমর্থকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। তা কিছুটা হলেও ফিরিয়ে দিতে চাই।’ উল্লেখ্য, গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স ভালো ছিল না। পরের দিকে ধোনি নেতৃত্ব নিয়েও হাল ফেরাতে পারেননি। তাই তাঁকে অবসর নিয়ে জল্পনা শুরু হয়। অনেকে ভেবেছিলেন, হয়তো মরশুম শেষেই ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি। তবে তেমনটা হয়নি। ধোনি অবসর নেননি। তবে তিনি জানিয়েছে, আগামী মরশুমে ঋতুরাজ গায়কোয়াড়ই ক্যাপ্টেন থাকবে।

সম্পর্কিত সংবাদ