নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির ভদ্রেশ্বরের গৌরহাটি হাসপাতালের একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছে পথকুকুর। আর আশপাশের একাধিক বেডে রয়েছেন মহিলা রোগীরা। যদিও ‘বর্তমান’ ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিডিয়োটি ওই হাসপাতালের প্রসূতি বিভাগে তোলা। তাৎপর্যপূর্ণ এই যে, কুকুরটিকে রোগীর বিছানায় দেখেও হাসপাতালের কর্মীদের কোনও তাপ-উত্তাপ লক্ষ্য করা যায়নি। ফলে সাধারণ মানুষের ক্ষোভ তুঙ্গে উঠেছে। এই হাসপাতালে মূলত বিভিন্ন কল-কারখানার শ্রমিকরা চিকিৎসা করাতে আসেন। ফলে, শ্রমজীবী মানুষদের বেহাল পরিষেবাকে ঘিরে প্রশ্ন উঠেছে। তবে ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার সোমনাথ পান্ডে জানিয়েছেন, ওই ঘটনায় বিভাগীয় স্তরে তত্ত্বতলাশ শুরু হয়েছে। তদন্তে যাঁদের গাফিলতির প্রমাণ পাওয়া যাবে, তাঁদের শো-কজ করা হবে। তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।



