দিনের পর দিন জমে রয়েছে, হাঁটু সমান জল। এলাকার জমা জলে অতিষ্ঠ হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। নদীয়ার রানাঘাট ১ নং ব্লকের রামনগর ১ নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আজ, মঙ্গলবার দুপুরে বিলের মাঠ সহ সংলগ্ন এলাকা থেকে প্রায় দেড় শতাধিক লোক গিয়ে ঘেরাও করেন পঞ্চায়েত অফিস। বারবার অভিযোগ জানানোর পরেও কেন সমস্যা মিটছে না প্রশ্ন তুলে পঞ্চায়েত অফিসের ভিতরে প্রধানসহ অন্যান্য কর্মীদের আটকে তালা ঝুলিয়ে দেন তারা। খবর পেয়ে রানাঘাট থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। যদিও এখনও পর্যন্ত ঘেরাও রয়েছেন প্রধান তাপসী আঢ্য।



