চেন্নাই: ‘অন্নপুরানি সুপার সিক্স এলপিজি স্কিম’। বছরে পরিবার পিছু তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। তবে সেই পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষের কম হতে হবে। সোমবার তামিলনাড়ু বিধানসভায় এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিজয়। তিনি জানিয়েছেন, আগামী বছর পোঙ্গল থেকে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার। ব্যয় হবে বার্ষিক প্রায় ৪০০০ কোটি টাকা। বিজয়ের এই ঘোষণার পরই ময়দানে নেমেছে গেরুয়া শিবির। বিজেপির কটাক্ষ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বিজয়ের সরকার। সেইসময় বলা হয়েছিল, বছরে রাজ্যের প্রতিটি পরিবারকে ছ’টি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। সরকারে আসার পরই সংখ্যাটা কমে তিন হয়ে গেল! এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজয় জানান, সিলিন্ডারের দাম সরাসরি যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকট মাথাচাড়া দিয়েছে। গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। আমজনতার উপর আর্থিক বোঝা কমাতেই সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই আক্রমণ শানিয়েছেন তামিলনাড়ু বিজেপির মুখপাত্র নারায়ণন তিরুপতি। তিনি বলেন, ‘ছয় থেকে গ্যাস সিলিন্ডারের সংখ্যা কমে তিন হয়েছে। সেখানেও আয়ের সীমা বেঁধে দেওয়া হয়েছে। সব পরিবারের বদলে এখন নির্দিষ্ট সংখ্যক পরিবারই এই সুবিধা পাবে। নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু অন্য কথা বলছে। তাও এই পরিষেবা আগামী বছর পোঙ্গলে চালু হবে। তামিলনাড়ুর মানুষের সঙ্গে আপনি প্রতারণা করছেন কেন?’



