নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (জেবিএনএসটিএস) পরিচালিত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে এবছর রেকর্ড আবেদন জমা পড়েছে। ১৫ জুন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত অলিম্পিয়াডের ব্লক স্তরের পরীক্ষাটি হবে। এর জন্য রাজ্যজুড়ে আবেদন পড়েছে ৪০ হাজার ৭৫১। মোট ৮ হাজার ৪৬২টি স্কুল থেকে জমা পড়েছে আবেদন। রাজ্য সরকারের উদ্যোগে এই পরীক্ষাটি চতুর্থ বর্ষে পড়ল।
সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে পাঠরতদের নবম শ্রেণির নম্বরের ভিত্তিতে সেরা পাঁচজন ছাত্রছাত্রী এই অলিম্পিয়াডে আবেদন জানাতে পারে। অষ্টম শ্রেণির গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলির উপরেই পরীক্ষাটি হয়। ব্লক স্তরের পরীক্ষায় সেরা ১০ শতাংশ ছাত্রছাত্রী যায় জেলা স্তরে। জেলার সেরা ২০ শতাংশ ছাত্রছাত্রীকে নিয়ে হয় রাজ্য স্তরের পরীক্ষা। সেখান থেকে ১০০ জন কৃতীকে মেধাবৃত্তি দেওয়া হবে। ১৫ জুনের পরীক্ষাটির অ্যাডমিট কার্ড ছাত্রছাত্রীরা www.jbnsts.ac.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। শুধু মেধাবৃত্তি প্রদান করাই নয়, তাঁদের বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং দক্ষতা বৃদ্ধির জন্য নানা কর্মশালা, আলোচনা সভায় অংশগ্রহণ করানো হয়। জেবিএনএসটিএসের অধিকর্তা মৈত্রী ভট্টাচার্য বলেন, এবছর আবেদন বাড়ানোর পিছনে শিক্ষাদপ্তরের ভূমিকা সবচেয়ে বেশি। প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে সমস্ত স্কুল থেকে আবেদন আনার জন্য কার্যত বাধ্য করা হয়। প্রসঙ্গত, ব্লক স্তরে প্রথম তিন ছাত্রছাত্রীকে বুক গ্রান্ট হিসেবে এক হাজার টাকা দেওয়া হয়। জেলা স্তরে প্রথম ২০ শতাংশ ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই বুক গ্রান্টের পরিমাণ আড়াই হাজার টাকা। রাজ্য স্তরে প্রথম ১০০ জন ছাত্রছাত্রী মাসিক এক হাজার টাকা স্কলারশিপ ও দু’বছর বার্ষিক আড়াই হাজার টাকার বুক গ্রান্ট পাবে।