জয়পুর: নবম থেকে দ্বাদশের ছাত্রীদের নিয়ে স্নান করছেন সরকারি স্কুলের প্রিন্সিপাল। আলোয়ারের সেই স্নানের ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক দেখা দিয়েছে রাজস্থানে। চাপে পড়ে ওই শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল শিক্ষাদপ্তর। শুরু হয়েছে পুলিশি তদন্ত। আলোয়ারের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মনোজ শর্মা শনিবার বলেন, ‘স্থানীয়রা ওই শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। সেই অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’ স্থানীয় সূত্রে খবর, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের উদযাপনের পর স্কুল থেকে প্রায় দু’কিলোমিটার দূরে ভাদেজ ড্যামের কাছে ২০০ পড়ুয়াকে পিকনিকে নিয়ে যান ওই শিক্ষক। তাদের সঙ্গে ছিল না কোনো শিক্ষিকা। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছাত্রীদের সঙ্গে স্নান করছেন প্রিন্সিপাল। স্নানের মাঝে সাঁতার শেখানোর অছিলায় কয়েকজন ছাত্রীকে কোলে তুলে নিচ্ছেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, ওই ড্যামে যাওয়ার পথ বেহাল। গভীর ওই জলাধারে আগে বেশ কয়েকজনের ডুবে মৃত্যু হয়েছে। তাছাড়া ওই পথে প্রায়ই বাঘ দেখা যায়। দুর্ঘটনার আশঙ্কায় চারবছর আগে এলাকাটিকে ‘সংরক্ষিত’ বলে ঘোষণা করা হয়। এরপরেও কোনোরকম সতর্কতা ছাড়াই পড়ুয়াদের ওই জায়গায় নিয়ে যাওয়া হয়। আর পড়ুয়াদের কোনো লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। অনেক পড়ুয়াই সাঁতার জানে না। যে কোনো অঘটন ঘটতেই পারত। ভিডিয়ো সামনে আসতেই অবিভাবকরা শনিবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান। তাঁরা ঘটনার তদন্তের পাশাপাশি প্রিন্সিপালের শাস্তি দাবি করেন। পুলিশের কাছে তাঁরা অভিযোগ দায়ের করেছেন। এরপরই পুলিশ অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে। শিক্ষাদপ্তর ওই শিক্ষককে সাসপেন্ড করেছে।



