নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভুল বোঝাবুঝি মিটিয়ে নিজের ঘরে ফিরে আসুন। সসম্মানে দলে নেওয়া হবে। বিধানসভা ভোটের মুখে ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজের (ভিক্টর) উদ্দেশে এমনই বার্তা দিলেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। যদিও এই আহ্বানকে সরাসরি ‘লালকার্ড’ দেখিয়ে ফব নেতৃত্বকে বিঁধতে ছাড়েননি গোয়ালপোখর ও চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ভিক্টর। তাঁর তোপ, নিজেদের ভুল বুঝতে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের সাড়ে তিন বছরেরও বেশি সময় লেগে গেল কেন? এতদিন তারা কি ঘুমোচ্ছিল? সময়ে যদি তারা এই ভুল বুঝতে পারত, তাহলে ফরওয়ার্ড ব্লকের আজ এমন দুর্দশা হত না। ২০২১ সালের শেষের দিকে ফরওয়ার্ড ব্লক থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত হাফিজ আলম সাইরানির ভাইপো আলি ইমরান রামজ।



