নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারাধীন তালিকাভুক্ত ভোটারদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে জোর রাজনৈতিক তরজা চলছে। প্রায় ৩০০ বিচারক আপাতত নথি যাচাইয়ের কাজ করছেন। কিন্তু কাজ শেষ হতে ঠিক কত সময় লাগতে পারে তা নিয়েই উঠে গিয়েছে বড়োসড়ো প্রশ্ন চিহ্ন। এসবের মাঝেই শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়েছেন, এখনো পর্যন্ত প্রায় সাড়ে ৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তি করেছেন বিচারকেরা। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, শনিবারই ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে রাজ্যে আসবেন আরও ২০০ জন বিচারকরা।
সূত্রের খবর, শনিবার রাজ্যে এসে পৌঁছালেও সেদিন থেকেই কাজ শুরু করতে পারবেন না ভিন রাজ্যের বিচারকরা। প্রথমে তাঁদের লগইন আইডি তৈরি হবে। তারপর কমিশনের তরফে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরই তাঁরা কাজ শুরু করতে পারবেন বলে খবর। এই আবহেই আগামী ১০ মার্চ এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে শীর্ষ আদালতে। স্বাভবিকভাবেই শুনানিতে ৬০ লক্ষ বিচারাধীনের নথি যাচাইয়ের বিষয়টি উঠবে বলে জানা যাচ্ছে। কমিশন সূত্রে খবর, বিচারপতিদের জানানো হবে, কত লক্ষ নামের নিষ্পত্তি হল, কত নামের নিষ্পত্তি বাকি এবং এই প্রক্রিয়ার সুবিধা-অসুবিধার কথা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফেও ওইদিন একটি রিপোর্ট জমা দেওয়া হতে পারে। সেখানে গোটা পরিস্থিতির উল্লেখ থাকবে। আর রাজ্যে ৫২ লক্ষের বেশি ‘বিবেচনাধীন’ ভোটারের নিষ্পত্তির যে কাজ বাকি, তা শেষ হতে ঠিক কতদিন লাগতে পারে, তা নিয়ে এদিন কিছু জানাননি সিইও। তবে আগামী দিনগুলিতে কাজের গতি আরো বাড়বে বলে মনে করছে কমিশন। কারণ, আরও ২০০ জন বিচারক নিয়োগ হলে কাজ দ্রুত এগোবে বলে আশবাদী তারা।
অন্যদিকে, রাজ্য এসআইআর প্রক্রিয়ায় জীবিত কয়েকজন ভোটারকে ‘মৃত’ বলে চিহ্নিত করে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক জেলায় জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। পাশাপাশি বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে প্রায় সব জেলা থেকে অভিযোগ এসেছে। এই প্রসঙ্গে মনোজ আগরওয়াল এদিন বলেছেন, ‘যদি কোনো জীবিতকে মৃত ভোটার হিসাবে দেখানো হয়, তবে আমাদের কাছে অভিযোগ জানান। অভিযোগ জানালে আমরা পদক্ষেপ করব। কার গাফিলতিতে নাম বাদ দেওয়া হয়েছে তা দেখা হবে। ইচ্ছাকৃত কেউ নাম বাদ দিয়েছেন কি না, দেখা হবে তাও। বিস্ময় প্রকাশ করে তাঁর পালটা প্রশ্ন, ‘কমিশন কি জীবিত কারো নাম বাদ দিতে পারে?’