নয়াদিল্লি: প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করেছে আমেরিকা। ভেনেজুয়েলায় সরকার চালানোর বার্তা দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম তেলের ভাণ্ডার ভেনেজুয়েলায় এই অস্থির পরিস্থিতি ভারতের ব্যবসা-বাণিজ্যর পাশাপাশি দেশের সংস্থাগুলির উপরও প্রভাব ফেলতে পারে—প্রাথমিকভাবে এমনই মনে করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। তবে সেই জল্পনা মঙ্গলবার উড়িয়ে দিল ‘ক্রিসিল রেটিংস’। মঙ্গলবার বিশেষজ্ঞ সংস্থাটির বক্তব্য, ভেনেজুয়েলার উপর আমেরিকার এই সামরিক আগ্রাসন ভারতের বাণিজ্যের উপর তেমন কোনও প্রভাব ফেলবে না। আন্তর্জাতিক স্তরে দেশের কর্পোরেট সংস্থাগুলির ঋণ নেওয়ার ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না।



