নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার উস্কানিমূলক পোস্টের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করল হাড়োয়া থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গণেশ সর্দার। তিনি হাড়োয়ার চৌহাটা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। তিনি বারাসতে একটি ভাড়াবাড়িতে থাকেন। জানা গিয়েছে, কয়েকদিন আগে গণেশবাবু সোশ্যাল মিডিয়ায় একটি কুরুচিকর ও উস্কানিমূলক পোস্ট করেন। বিষয়টি নজরে আসতেই হাড়োয়ার এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। গণেশবাবু যেহেতু বারাসতে থাকেন, তাই বারাসত থানার পুলিস সোমবার গভীর রাতে তাঁকে ডেকে পাঠায় থানায়। পরে তাঁকে হাড়োয়া থানায় নিয়ে যায় পুলিস। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিস তাঁকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, এর আগেও গণেশবাবু একাধিক বিতর্কিত পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, উস্কানিমূলক পোস্টের অভিযোগ থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।



