


নিউ ইয়র্ক, ১৯ সেপ্টেম্বর: গাজায় কী আদৌ শান্তি ফেরাতে চায় আমেরিকা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নাকি ‘বন্ধু’ দেশ ইজরায়েলের কথা ভেবেই যাবতীয় পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। বৃহস্পতিবার(স্থানীয় সময়) রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ফের একবার গাজায় অবিলম্বে ও স্থায়ীভাবে যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়। যাতে ফের একবার ভেটো দিয়েছে আমেরিকা। এই নিয়ে পরপর ছ’বার একই ঘটনা ঘটাল মার্কিন যুক্তরাষ্ট্র। খসড়া প্রস্তাবে বলা হয়েছিল, গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা থেকে ইজরায়েলকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা হয়েছিল।
তাতে আরও বলা হয়, হামাসের হাতে পণবন্দিদের অবিলম্বে সম্মানজনকভাবে মুক্তি দেওয়া হোক। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য মিলে ১৫টি দেশের মধ্যে ১০টি দেশ এই খসড়া প্রস্তাব রেখেছিল। ১৪টি সদস্য দেশ তার পক্ষেই ভোট দেয়। কিন্তু আমেরিকা ভেটো দিয়ে দেওয়ায় সেই খসড়া প্রস্তাব খারিজ হয়ে যায়। অপরদিকে রাষ্ট্রসঙ্ঘে উলটপুরাণ আমেরিকার। বালোচ লিবারেশন আর্মি ও মাজিদ ব্রিগেডের উপর নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তাব এনেছিল পাকিস্তান ও চীন। তাতে বাধা দিয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। যদিও কয়েকমাস আগেই বালোচ লিবারেশন আর্মি ও মাজিদ ব্রিগেডকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিয়েছিল ওয়াশিংটন।