হায়দরাবাদ: জোড়া বিদেশ সফরে গিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কিন্তু ব্রিটেন সফর চলার মধ্যেই জানতে পারেন, সেখান থেকে তাঁর আমেরিকায় যাওয়া হচ্ছে না। কারণ, মার্কিন সফরের অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। দেশে ফেরার পর সোমবার এই ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারকে তোপ দাগলেন এই কংগ্রেস নেতা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর তোপ, আমেরিকা সফরের অনুমতি বাতিল করে রাজ্যের ৪ কোটি মানুষকে অপমান করেছে কেন্দ্র। তেলেঙ্গানার প্রতি এই বৈষম্যমূলক আচরণ সংসদে তোলা হবে।
রেবন্তের তোপ, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করতে চাই, যদি কোনো রাজনৈতিক কারণ না-ই থাকে, তবে ইংল্যান্ডের জন্য অনুমতি দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের জন্য কেন তা প্রত্যাখ্যান করা হল? বিনিয়োগ আকর্ষণের জন্য ‘ভাইব্রেন্ট গুজরাত ২০৪৭’ কর্মসূচির অংশ হিসাবে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ১৭ থেকে ২৪ আগস্ট পর্যন্ত আমেরিকা ও কানাডা সফরের অনুমতি দেওয়া হলেও, ‘তেলেঙ্গানা রাইজিং ২০৪৭’-এর অধীনে আমার প্রস্তাবিত মার্কিন সফর কেন প্রত্যাখ্যান করা হল? উল্লেখ্য, এই ইস্যুতে বিতর্ক তৈরি হওয়ায় বিদেশ মন্ত্রক থেকে ইতিমধ্যেই বলা হয়েছে, রেবন্ত রেড্ডির সফরের জন্য পেশ করা কর্মসূচি তাঁর পদ এবং সফরের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে অনুমতি দেওয়া হয়নি।