


নয়াদিল্লি: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তরজা তুঙ্গে। বিরোধীদের দাবি, নয়া চুক্তিতে নয়াদিল্লির লাভের থেকে ক্ষতিই হবে বেশি। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশকে বিশেষ সুবিধা দিয়েছে আমেরিকা। এরফলে মার্কিন মুলুকে বস্ত্র রপ্তানিতে বাংলাদেশের সঙ্গে কড়া টক্করের মুখে পড়বেন ভারতের ব্যবসায়ীরা। এবার এই আশঙ্কা নিয়ে পাল্টা জবাব দিল মোদি সরকার। তাদের দাবি, আমেরিকার বাণিজ্য চুক্তিতে ভারতের বস্ত্রশিল্প বিশেষভাবে উপকৃত হবে। এক্ষেত্রে বাংলাদেশকে যে সুবিধা দেওয়া হয়েছে, ভারতও সেরকম সুবিধা পাবে বলে দাবি করেছেন পীযুষ গোয়েল।
উল্লেখ্য, বাংলাদেশের উপর পাল্টা শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করেছে আমেরিকা। আমেরিকা থেকে আমদানি করা তুলোয় তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে পুরোপুরি শুক্ল ছাড় দেওয়া হয়েছে। হাতে বোনা পোশাকের উপরেও শুল্ক শূন্য শতাংশ। বর্তমানে তাদের মোট ৩১ শতাংশ লেভি দিতে হয়। কিন্তু, আমেরিকার ও বাংলাদেশের নয়া চুক্তির পর তা কমে হবে ১২ শতাংশ।
বৃহস্পতিবার এব্যাপারে গোয়েল জানিয়েছেন, চুক্তি চূড়ান্ত হওয়ার পর ভারতও বাংলাদেশের মধ্যে সুবিধা পাবে। যদি কোনো ভারতীয় সংস্থা সুতো ও তুলো আমেরিকা থেকে কেনে এবং সেগুলি দিয়ে তৈরি বস্ত্র মার্কিন বাজারেই বিক্রি করে, তাহলে তাদের কোনও শুল্ক দিতে হবে না। বাণিজ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। তারা বলেছে, এভাবে মার্কিন শুল্ক কমাতে গিয়ে ভারতীয় বস্ত্রশিল্প আদপে আমেরিকার উপরেই নির্ভরশীল হয়ে পড়বে। তাতে দেশের ব্যবসায়ী, কৃষক সকলেই আরও বিপদের মুখে পড়বেন। এপ্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র পবন খেড়া বলেছেন, বাংলাদেশের মতো সুবিধা পেতে কাঁচামাল আমেরিকা থেকেই আনতে হবে। অর্থাৎ চুক্তি সম্পন্ন হলে দেশের বাজারে ভারতীয় সুতোর কোনো প্রয়োজনই থাকবে না। ফলে তুলো চাষিরা চূড়ান্ত ক্ষতির মুখে পড়বেন।