ওয়াশিংটন ও তেহরান: ইরানে ফের হামলা চালাল আমেরিকা। মঙ্গলবার দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সেনা। তেহরান জানিয়েছে, সিরিকের কুহেসতাক শহরের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই জনসমাগমে একটি মিসাইল আছড়ে পড়ে। তাতে এক শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। এছাড়া চাবাহার ও কোনারাক এলাকা ও কেরমানের একটি বিমানবন্দরেও হামলা চালিয়েছে মার্কিন সেনা। ঘটনার পরেই বাহরিন, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে পালটা হামলা চালায় ইরানও। যার জেরে দেশগুলিতে সতর্কবার্তা জারি করা হয়। সুপ্রিম লিডার মোজতবা খামেনেই হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াশিংটনকে এমন শিক্ষা দেবেন, যা তারা কোনোদিন ভুলতে পারবে না।



