Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উপভোক্তাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ যাচাই

উপভোক্তাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ যাচাই
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের যোগ্য উপভোক্তাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত আছে কি না, এবার তা যাচাই করে দেখবেন আধিকারিকরা। এই সংযোগ না হয়ে থাকলে সংশ্লিষ্ট উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। ১২ ডিসেম্বর থেকে সব জেলায়  তিনদিন করে এই প্রক্রিয়া চলবে বলে ঠিক হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হবে। প্রত্যেক উপভোক্তাকে নিজ নিজ এলাকার শিবিরে যেতে হবে এবং সেখানে তাঁর আধারের সঙ্গে যে মোবাইল নম্বর সংযোগ করানো আছে, তা আধিকারিকদের জানিয়ে আসতে হবে। এরপর কম্পিউটার থেকে একটি লিঙ্ক ওই নম্বরে পাঠাবেন তাঁরা।  লিঙ্কে ঢুকে হ্যাঁ বা না-তে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই উত্তর আপলোড হওয়ার পর সংশ্লিষ্ট উপভোক্তার নামে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর তৈরি হবে। সেটাই এই প্রকল্পে তাঁর অভিন্ন নম্বর হয়ে থাকবে। যদি আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত  না করা থাকে, তাহলে সেই লিঙ্ক সংশ্লিষ্ট উপভোক্তার মোবাইলে যাবে না। উল্লেখ্য, ১২ ডিসেম্বরের আগে ব্লকস্তরে উপভোক্তাদের তালিকা তৈরি হয়ে যাবে। তারপরই এই আধার ও মোবাইলের সংযোগ যাচাইয়ের কাজ শুরু হবে।
Advertisement
জানা গিয়েছে, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের উপভোক্তাদের টাকা যাতে ঠিকভাবে তাঁদের অ্যাকাউন্টে যায়, তার জন্যই এত কড়াকড়ি করছে পঞ্চায়েত দপ্তর। এক উপভোক্তার টাকা আরেকজনের অ্যাকাউন্টে যাতে না যায় বা কেউ সেই টাকা নিতে কারসাজি না করতে পারে, তার জন্যই আধার-মোবাইল সংযোগের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ