Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাশিয়ার থেকে তেল-অস্ত্র কিনলে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক, বিলে সায় ট্রাম্পের, লক্ষ্য ভারত-চীন-ব্রাজিল

২৫ শতাংশের হুমকি থেকে শুরু হয়েছিল। তারপর ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা। ২০২৫ সালের আগস্ট মাস থেকে এক ধাক্কায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভারতীয় পণ্যের উপর।

রাশিয়ার থেকে তেল-অস্ত্র কিনলে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক, বিলে সায় ট্রাম্পের, লক্ষ্য ভারত-চীন-ব্রাজিল
  • ১০ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২৫ শতাংশের হুমকি থেকে শুরু হয়েছিল। তারপর ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা। ২০২৫ সালের আগস্ট মাস থেকে এক ধাক্কায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভারতীয় পণ্যের উপর। এরপর শুধুই হুঁশিয়ারির পর্যায়ে থেমে রইল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত বিদ্বেষের সমাপ্তি হচ্ছে না। লাগাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে অসম্মানসূচক অপমানজনক বিবৃতি দিয়ে চলেছেন। এবার সব সীমা পেরিয়ে বিশ্ব বাণিজ্য যুদ্ধেরই দামামা বাজিয়ে দিলেন ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প এমন একটি আইন পাশ করানোর পক্ষে অনুমোদন দিয়েছেন, যেটি কার্যকর হলে ভারতের উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বলবৎ করতে পারবে আমেরিকা। বিলের নাম রাশিয়ান স্যাংশন বিল। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ তৈরি করতে গিয়ে ট্রাম্প বেছে বেছে চীন, ভারত ও ব্রাজিলকে সবথেকে বেশি টার্গেট করেছেন। কারণ এই তিন দেশই বাণিজ্যিকভাবে সবথেকে বেশি যুক্ত রাশিয়ার সঙ্গে। এই রাশিয়ান স্যাংশন বিলের লক্ষ্য হল, যে সব দেশ রাশিয়া থেকে তেল, পণ্য, অস্ত্র ক্রয় করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে আমেরিকা। মার্কিন সেনেটর ট্রাম্প ঘনিষ্ঠ লিন্ডসে গ্রাহাম এই বিল তৈরির কারিগর। সম্প্রতি তিনিই দাবি করেছিলেন, ভারত নাকি তাঁকে বলেছে, রাশিয়া থেকে আমরা তেল কম কিনতে শুরু করেছি। আপনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলুন যাতে শুল্ক প্রত্যাহার করে নেন। সেই গ্রাহাম বৃহস্পতিবার নিজের সোশাল মিডিয়ার প্ল্যাটফর্মে বলেছেন, আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি রাশিয়ান স্যাংশন বিলে অনুমোদন দিয়েছেন। আগামী সপ্তাহেই হয়তো বিল সেনেটে আনা হবে। এই বিল প্রেসিডেন্ট ট্রাম্পকে অধিকার দেবে তিনি সেইসব দেশকে শাস্তি দিতে পারবেন, যারা রাশিয়ার সঙ্গে যে কোনও প্রকার বাণিজ্য করবে। বিশেষ করে চীন, রাশিয়া, ব্রাজিলের মতো দেশগুলিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। যাতে তারা পুতিনের ইউক্রেন যুদ্ধ চালানোর অর্থ না যোগান দেয়। লক্ষ্যণীয় ট্রাম্প বুধবার রাতে সরাসরি ন্যাটোকে হুমকি দিয়ে বলেছেন, দেশগুলি আমেরিকার বিপদের সময় কোনও কাজে আসবে না। আমরা আছি তাই ন্যাটো আছে। এটা ওরাও জানে। আমি ৮টি যুদ্ধ থামালাম। অথচ ন্যাটো সদস্য নরওয়ে এত বোকা যে, তারা আমাকে নোবেল শান্তি পুরস্কার দিল না। - ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ