Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উপ নির্বাচনে মহিলা ভোট টানতে ঝাঁপাচ্ছে শাসক-বিরোধী দু’পক্ষই

উপ নির্বাচনে মহিলা ভোট টানতে ঝাঁপাচ্ছে শাসক-বিরোধী দু’পক্ষই
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: গত লোকসভা নির্বাচনে মহিলা ভোট নিজেদের ঝুলিতে টানতে মরিয়া হয়ে উঠেছিল পদ্মপার্টি। কিন্তু শেষমেশ সেই উদ্যোগে দল ঢেলে দেয় ঘাসফুল শিবির। ফল প্রকাশের পর দেখা যায়, বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রেখেছেন। লোকসভার পাশাপাশি গত উপ নির্বাচনেও মহিলা ভোট নিজেদের ঝুলিতে টেনেছিল তৃণমূল। এবারও সেই ধারা অব্যাহত রাখতে মরিয়া তৃণমূল। তারাও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ায় মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ১০৩। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা হল ১ লক্ষ ৩০ হাজার ৩৯৩। পাঁচজন তৃতীয় লিঙ্গের ভোটার। বাদবাকি পুরুষ ভোটার। ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৭৯টি। এই কেন্দ্রের জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 
১৩ নভেম্বর হাড়োয়া ও নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে প্রচারে ঝড় তুলেছে। এই দুই কেন্দ্রের উপ নির্বাচনে নির্ণায়ক হতে চলেছে মহিলা ভোট। এই অংশকে ধরতে তৃণমূলের হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ। বাড়ি বাড়ি গিয়ে একথাই বোঝাচ্ছেন তৃণমূলের নেতৃত্ব। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দলের মহিলা ব্রিগেডকে। রাজ্যের মন্ত্রী সুজিত বসু বলেন, মহিলারা তৃণমূল সরকারের আমলে বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। বাংলার মা-বোনরা দিদির উপর আস্থাশীল। এই সরকার কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প এনেছে। স্বভাবতই মহিলাদের ভোট তৃণমূল প্রার্থীর ঝুলিতেই আসবে। বাংলায় বিভেদের কোনও স্থান নেই। বিজেপি চক্রান্ত করলেও কিছু করতে পারবে না। আমরা বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নিয়ে প্রচার করছি।
এ নিয়ে বিজেপির রাজ্য নেতা তাপস মিত্র বলেন, প্রতিবারই ভোট লুট করে তৃণমূল। হড়োয়ায় স্বচ্ছতার সঙ্গে ভোট হলে অন্য রকম ফল হবে। সেকারণেই তৃণমূল অবাধ নির্বাচন করতে দেয় না। শাসকদলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তার প্রভাব পড়বে ভোটে। তাতে আখেরে সুবিধা হবে বিজেপিরই।
এদিকে, নৈহাটিতে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ৮৩৪। এর মধ্যে মহিলা ভোটার হলেন ৯৭ হাজার ৭৫২ জন। পুরুষ ভোটার রয়েছেন ৯৬ হাজার ৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। রাজনৈতিক মহলের মতে, এখানেও উভয় দলই ‘টার্গেট’ করেছে মহিলা ভোটকে।
সম্পর্কিত সংবাদ