Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যোগীরাজ্যের ‘গ্যাংস্টার’ ধৃত যাদবপুরে, নানা প্রতারণায় যুক্ত

উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় একের পর এক প্রতারণা করে বেড়াচ্ছিল অভিযুক্ত। তাকে হন্যে হয়ে খুঁজছিল সাহারানপুর পুলিশ।

যোগীরাজ্যের ‘গ্যাংস্টার’ ধৃত যাদবপুরে, নানা প্রতারণায় যুক্ত
  • ৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় একের পর এক প্রতারণা করে বেড়াচ্ছিল অভিযুক্ত। তাকে হন্যে হয়ে খুঁজছিল সাহারানপুর পুলিশ। কয়েক কোটি টাকা প্রতারণার ঘটনায় অভিযুক্ত সঞ্জয় সিনহাকে শেষ পর্যন্ত যাদবপুরের একটি বহুতল থেকে শনিবার রাতে গ্রেফতার করল যোগীরাজ্যের পুলিশ। তার বিরুদ্ধে গ্যাংস্টার অ্যাক্টেও কেস রুজু করা হয়েছে। সঞ্জয়কে ট্রানজিট রিমান্ডে সাহারানপুর নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সঞ্জয় নিজেকে বড়ো ব্যবসায়ী বলে পরিচয় দিত বিভিন্ন জায়গায়। বিভিন্ন সংস্থার টেন্ডার দেখিয়ে দাবি করত সে ওই কাজের বরাত পেয়েছে। এই কাজ করানোর জন্য সে বিভিন্ন কোম্পানির খোঁজ করছে। এই টোপ কেউ গিললেই সেই কোম্পানির সঙ্গে সঞ্জয় চুক্তিও করত। তাতে উল্লেখ থাকত, কাজ শেষের পরই টাকা মিলবে। সাব টেন্ডার পাওয়া কোম্পানি কাজ শুরু করলে অভিযুক্ত তাকে কিছু টাকা দিত। তারপর আর টাকা দিত না। এই কায়দায় সঞ্জয় উত্তরপ্রদেশের একাধিক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ। সব মিলিয়ে উত্তরপ্রদেশে তার বিরুদ্ধে ১০টি অভিযোগ রয়েছে। এছাড়া হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশেও একই অভিযোগ জমা পড়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। স্বভাবতই ধরা পড়ার ভয়ে সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। 

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রথমে সঞ্জয়ের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার কেস রুজু হলেও, অন্য একাধিক অপরাধ করায় তার বিরুদ্ধে গ্যাংস্টার অ্যাক্টও যুক্ত করা হয়। সাহারানপুরের সদর বাজার থানার কাছে খবর আসে, সে কলকাতায় লুকিয়ে রয়েছে। সেইমতো স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে সঞ্জয়কে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতকে জেরা করে জানা যায়, যাদবপুরের বহুতলের ফ্ল্যাটটি সে কিনেছিল প্রতারণার টাকায়। এছাড়া উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে তার একাধিক ফ্ল্যাট ও বাংলো রয়েছে। সঞ্জয় বেশিরভাগ সময়ই দিল্লিতে থাকত। সেখানেও তার একাধিক ফ্ল্যাট রয়েছে। এক্ষেত্রে সঞ্জয় পুলিশকে জানিয়েছে, এই সবগুলিই কেনা হয়েছে প্রতারণার টাকায়। জানা গিয়েছে, এগুলি বাজেয়াপ্ত করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ