বিশেষ সংবাদদাতা, আগরতলা: ত্রিপুরায় আসন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয় মঙ্গলবার। এই তালিকা ঘিরে শাসকদলের অন্দরে অসন্তোষের সুর। দলের প্রকৃত কর্মীদের প্রার্থী না করে টাকার বিনিময়ে অযোগ্যদের টিকিট দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। প্রার্থী বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ঘিরে বিভিন্ন এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিলোনিয়া পুর পরিষদেও প্রার্থী তালিকা নিয়ে দলের অন্দরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। একাধিক ওয়ার্ডে নির্দল হিসাবে লড়াইতে নামতে চলেছেন পুরনো বিজেপি কর্মীরা। অন্যদিকে, কৈলাশহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান তথা বিজেপি নেতা নীতিশ দে টিকিট বঞ্চনা সহ একাধিক অভিযোগে তুলে বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন। এব্যাপারে বুধবার তিনি বলেছেন, বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত এদিন সন্ধ্যার মধ্যেই লিখিতভাবে দলের রাজ্য সভাপতিকে জানিয়ে দেবেন। তাঁর কথায়, ‘আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে কাজ করার পরিস্থিতি নেই। তাই বিজেপি ছাড়ছি।’ প্রার্থী বাছাইকে কেন্দ্র করে এই ক্ষোভ দলের সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। উল্লেখ্য, ভোট গ্রহণ হবে ২৭ নভেম্বর। ফলাফল ২ ডিসেম্বর।



