নয়াদিল্লি: ভারতে ১৫ বছরের বেশি বয়সিদের মধ্যে বেকারত্বের হার আরও বেড়েছে বলে জানাল কেন্দ্রেরই সমীক্ষা রিপোর্ট। গত বছরের ডিসেম্বরে এই হার ছিল ৪.৮ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ৫ শতাংশ। কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের অধীন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসের (এনএসও) তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মূলত গ্রামীণ এলাকাতেই বেকারত্বের হার কিছুটা বেড়েছে। শহরাঞ্চলে এই হার বৃদ্ধি কিছুটা কম। বেকারত্বের হার বৃদ্ধির জন্য শীতের সময় নির্মাণ, ছোটো ব্যবসা, পরিবহণ, কৃষি সংক্রান্ত কাজ কমে যাওয়াকেই দায়ী করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ডিসেম্বরে ছিল ৩.৯ শতাংশ, জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ৪.২ শতাংশ। আর শহর এলাকায় এই হার ৬.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭ শতাংশ। পুরুষের তুলনায় কর্মহীন মহিলাদের সংখ্যা বেড়েছে বলেও কেন্দ্রের ওই রিপোর্টে জানানো হয়েছে।



