


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি চাকরিহারাদের ভাতা সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। রাজ্যের দাবি, চাকরিহারাদের সামাজিক সম্মান ও জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্যে এই ভাতা। সেটা দেওয়ার অধিকার রয়েছে রাজ্যের।
এসএসসি’র ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পর রিভিউ পিটিশন ফাইল করেছে রাজ্য। সেই মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ভাতা ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন ২০১৬ সালে ওয়েটিং লিস্টে থাকা বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন, চাকরিহারাদের কেন ভাতা দেওয়া হবে? একইসঙ্গে তাঁর পর্যবেক্ষণ ছিল, যদি তাঁদের ভাতা দেওয়ার
ব্যবস্থা করা হয়, যাঁরা বেকার, তাঁরা কেন ভাতা পাবেন না? সেই যুক্তি দেখিয়েই ভাতা প্রদানের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য।