Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ছকভাঙা পল্লবী

কৃষ্ণ প্রেমে মাতোয়ারা অভিনেত্রী পল্লবী শর্মা। আপাতত তিনি ডুব দিয়েছেন ভক্তিরসের সাগরে

ছকভাঙা পল্লবী
  • ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিরতি থেকে কামব্যাক 
কৃষ্ণ প্রেমে মাতোয়ারা অভিনেত্রী পল্লবী শর্মা। আপাতত তিনি ডুব দিয়েছেন ভক্তিরসের সাগরে। সদ্য শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’। ধরি ধরি মনে করা সহজ কিন্তু ধরা কি আসলে সহজে যায়? বেশ কয়েক মাসের বিরতির পর এই ধারাবাহিকের হাত ধরে আবার ফ্লোরে ফিরেছেন পল্লবী। ‘পর্ণা’র বিপুল জনপ্রিয়তার পর এই নতুন ধারাবাহিকে পল্লবীর চরিত্রের নাম ‘রূপমঞ্জরী’। ‘রূপমঞ্জরী’ এবং ‘গোরা’র গল্পকে কেন্দ্র করেই এগবে ধারাবাহিকের চিত্রনাট্য।

Advertisement


‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের ‘পর্ণা’ চরিত্রের জন্য বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন পল্লবী। তারপর বেশ কিছু মাসের বিরতি কীভাবে উপভোগ করলেন? পল্লবীর কথায়, ‘একটা মেগা করা মানে দিনের বেশিরভাগ সময় সেখানে দিতে হয়। নিজের দিকে নজর দেওয়া যায় না। এই পুরো সময়টা নিজেকে সময় দিয়েছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি, ঘুরতে গিয়েছি। বেশ ভালোই সময় কেটেছে।’ 
দায়িত্ব, টেনশন 
ধারাবাহিকের সূত্রে পল্লবী দর্শকের ঘরের মেয়ে। ‘কে আপন কে পর’ হোক বা ‘নিম ফুলের মধু’—কোনওটাতেই দর্শকের উজাড় করা ভালোবাসা থেকে বঞ্চিত হননি তিনি। তবে কোনও কোনও সময় এই ভালোবাসা থেকে দায়িত্ব বাড়ে। পল্লবী বলেন, ‘দর্শকের এত ভালোবাসায় দায়িত্ব বেড়েছে। ভালো কাজ করার খিদে বেড়েছে। সঙ্গে একটু টেনশনও হচ্ছে।’


নস্টালজিয়া
অভিনেতা অভিনেত্রীদের আপন জায়গা ফ্লোর। ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের ফ্লোরে ফিরেও নস্টালজিক পল্লবী। পল্লবী বলেন, ‘আমি ভীষণ নস্টালজিক। ‘কে আপন কে পর’-এর ফ্লোরেই আমার এই নতুন ধারাবাহিকের শ্যুটিং হচ্ছে। আশা করছি আবার দর্শকের ভালোবাসা পাব।’ পল্লবী শর্মার ধারাবাহিক মানেই ‘হিট’। টিআরপি তালিকায় ভালো ফলাফল। পল্লবীর এর আগের দু’টি ধারাবাহিকও বিপুল জনপ্রিয়। তবে কি এবার হিটের হ্যাটট্রিক? পল্লবী জানালেন, দর্শকদের ভালোবাসা থাকলে সবই সম্ভব।


নতুন জুটি
ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন পল্লবী এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। তাঁদের বন্ধুত্ব আগে থেকেই ছিল। এবার এল একসঙ্গে কাজের সুযোগ। পল্লবীর কথায়, ‘আমার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের পাশের ফ্লোরেই বিশ্বরূপের ‘গৌরী এল’ হতো। তাই আমাদের মেকআপ রুমগুলো পাশাপাশি ছিল। সেখান থেকেই বন্ধুত্বের শুরু।’


কৃষ্ণ প্রেম
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে পর্ণার ‘জগ্গু দাদা’ ছিল। এবার রূপমঞ্জরী কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। ব্যক্তিগত জীবনে পল্লবীও কৃষ্ণপ্রেমী? অভিনেত্রী হেসে বলেন, ‘আমি ঈশ্বরে বিশ্বাসী।’ তিনি আরও জানান, এই ধারাবাহিক শুধু ভক্তিরস বা কৃষ্ণপ্রেমেই আবদ্ধ নয়। ধারাবাহিক সবে শুরু হল। রূপমঞ্জরী চরিত্রের প্রচুর শেড রয়েছে। পল্লবীর সংযোজন, ‘রূপমঞ্জরীর মতো চরিত্র বাংলা ধারাবাহিকে আগে কখনও হয়নি। ছকভাঙা একটি চরিত্র। নিছকই কৃষ্ণপ্রেম, ভক্তিরসের গল্প নয়। এই রকম গল্প বাংলা ধারাবাহিকেও আগে হয়নি।’
পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ