সিডনি: নিরীহ মানুষের ভিড় লক্ষ্য করে তখন গাছের আড়াল থেকে একের পর এক গুলি ছুড়ে যাচ্ছে আততায়ী। চারদিকে আতঙ্ক আর কান্না। প্রাণ বাঁচাতে বন্ডি সৈকত থেকে ছুটে পালাচ্ছেন পর্যটকরা। পাশের রাস্তাতেও পথচারীদের একই অবস্থা। তবে ভয় পাননি আহমেদ আল আহমেদ। গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা আততায়ীকে সুযোগ বুঝে তিনি পিছন থেকে জাপটে ধরেন। শুধু তাই নয়, কয়েক সেকেন্ড হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির পর তার বন্দুকও ছিনিয়ে নিয়ে পালটা তাক করেন। ভয়ে নিরস্ত্র সেই আততায়ী পিছু হটতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ১৫ সেকেন্ডের সেই ভিডিওই এখন ভাইরাল। বিশ্বজুড়ে আল আহমেদের জয়জয়কার।
আল আহমেদ কোনওদিনই বন্দুক হাতে তোলেননি। নিখাদ সাধারণ এক নাগরিক হিসেবে হয়তো আতঙ্কে সেই সময় তাঁরও অকুস্থল ছেড়ে পালানোর কথা। তবে তা না করে প্রবল সাহসিকতার নজির গড়লেন। উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে মাথা ঠান্ডা রেখে আততায়ীকে জাপটে ধরলেন পিছন থেকে। যতক্ষণ না সেই হামলাকারীর হাত থেকে বন্দুক ছিনিয়ে নেন, ততক্ষণ চলতে থাকে লড়াই। এর জেরে দু’টি গুলিও লাগে তাঁর। তবে ছিনিয়ে নেওয়া বন্দুকের নিশানায় আততায়ীকে পিছু হটতে বাধ্য করেন।
তুতো ভাই মুস্তাফা বলেন, ‘বর্তমানে হাসপাতালে আহমেদের চিকিৎসা চলছে। আহমেদ ১০০ শতাংশ হিরো।’ এটাই ছিল ভাইয়ের মুখে দাদার প্রশংসা। আর এই কথা শুধু মুস্তাফার নয়, গোটা বিশ্বের। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিসও আহমেদকে ‘হিরো’ বলে আখ্যায়িত করেছেন।