সংবাদদাতা, উলুবেড়িয়া: মুম্বইয়ে কাজে গিয়েছিলেন উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বাণীবন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শেখ মিজানুর মিস্ত্রি। তাঁকে বাংলাদেশি সন্দেহে আটকে রাখার অভিযোগ উঠেছে মুম্বই পুলিসের বিরুদ্ধে। বুধবার সকালে সান্তাক্রুজ এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়। গত ১০ বছর ধরে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় সেলাইয়ের কাজ করেন মিজানুর মিস্ত্রি ও তাঁর দাদা রেজ্জাক মিস্ত্রি। কয়েক মাস আগে মা মারা যাওয়ায় তাঁরা উলুবেড়িয়ায় ফিরে আসেন। তারপর দাফন ও আনুষাঙ্গিক কাজ সেরে তাঁরা ফের মুম্বইয়ে ফিরে যান। পরে জুন মাসে রেজ্জাক বাড়ি ফিরে এলেও মিজানুর সেখানে থেকে যান। রেজ্জাক বলেন, এদিন বেলা ২টো নাগাদ জানতে পারি, ভাইকে বাংলাদেশি সন্দেহে সান্তাক্রুজ থানার পুলিস ধরে নিয়ে গিয়েছে। মিজানুরের কাছে ভোটার, আধার ও প্যান কার্ড থাকলেও পুলিস সেগুলি মানতে চাইছে না। আমরা দীর্ঘদিন মুম্বইয়ে কাজ করলেও এমন অভিজ্ঞতা এই প্রথম। এদিকে, মিজানুরকে বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে রাজাপুর থানায় যান স্থানীয় বিধায়ক ও উলুবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। বিধায়ক বলেন, আমরা এ নিয়ে জেলা ও পুলিস প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাঁকে দ্রুত এ রাজ্যে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। মুম্বই সহ দেশের বিভিন্ন শহরে বাংলাভাষীদের অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে।



