সংবাদদাতা, উলুবেড়িয়া: আবাস যোজনার তালিকায় থেকে নিজের নাম বাদ গেছে। এর নেপথ্যে প্রাক্তন পঞ্চায়েত সদস্যা রানুবালা পন্ডিতের স্বামী সমীরণ পন্ডিতের হাত আছে। এই সন্দেহে সমীরনকে (৫৪) কুপিয়ে খুনের অভিযোগ উঠল খুড়তুতো ভাই বিকাশ পন্ডিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। গতকাল, শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়া থানার তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় বিকাশ পন্ডিতের নাম ছিল না।
বিকাশের সন্দেহ ছিল তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার পিছনে সমীরনের হাত রয়েছে। মৃতের পরিবার সূত্রে খবর, শুক্রবার বাগান্ডায় সমীরণেন তিন বছরের নাতির জন্মদিন ছিল। বিকেলে সেখান থেকে বাড়ি ফিরে কাজে গিয়েছিলেন তিনি। অভিযোগ, বাড়ি ফেরার পথে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করা হয়। সমীরণের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতীর সেখান থেকে চম্পট দেয়। আশঙ্কাজনক অবস্থায় সমীরণকে প্রথমে তাঁকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।