Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়া-বারাসত রুটে চালু হল বেসরকারি বাস

উলুবেড়িয়া-বারাসত রুটে চালু হল বেসরকারি বাস
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া থেকে এবার সরাসরি এক বাসে যাওয়া যাবে বারাসত। বুধবার ফুলেশ্বর বাসস্ট্যান্ডে এই বেসরকারি বাস রুটের উদ্বোধন করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। জানা গিয়েছে, এই রুটে মোট ২৬টি বাসকে পারমিট দেওয়া হয়েছে। তার মধ্যে এদিনই চালু হয়েছে ১০টি। পরে আরও ১৬টি বাস এই রুটে নামবে। 
Advertisement
এদিন পতাকা নাড়িয়ে বাস পরিষেবার সূচনা করেন মন্ত্রী পুলক রায়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই রুট চালু করা হল। এমন বহু নতুন নতুন রুটের প্রস্তাব আমাদের কাছে এসেছে। যদি দেখা যায়, রুটটি লাভজনক হচ্ছে, তাহলে অন্যান্য রুট নিয়ে ভাবনাচিন্তা করা হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বাস চালালেও লাভ না। সেক্ষেত্রে মালিক রুট থেকে বাস তুলে নিতে বাধ্য হয়। তা যেন না হয়, তা যাত্রী সাধারণকে দেখতে হবে। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল, উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও রিয়াজুল হক, পুর চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। এই বাস উলুবেড়িয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে শলপ, দক্ষিণেশ্বর, বিরাটি, মধ্যমগ্রাম হয়ে বারাসত যাবে। আপাতত ৪০ মিনিট অন্তর বাস চলবে। তবে বাকি ১৬টি বাস পথে নামলে দু’টি মধ্যে ব্যবধান কমে ২০ মিনিট হবে। 
পুলকবাবু বলেন, উলুবেড়িয়া থেকে একাধিক রুটে নতুন বাস পরিষেবা চালুর প্রস্তাব রয়েছে। এ ব্যাপারে বিভিন্ন দিক খতিয়ে দেখে নতুন রুটে বাস চালানোর জন্য পরিবহণ দপ্তরকে প্রস্তাব দেওয়া হবে। ফুলেশ্বর বাসস্ট্যান্ডকেও নতুনভাবে সাজানোর পরিকল্পনার কথা জানান মন্ত্রী। উলুবেড়িয়া-বারাসত রুটে বাস চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। প্রসঙ্গত, উলুবেড়িয়ায় বাম আমলে তৈরি বাসস্ট্যান্ডটি বর্তমানে বেহাল অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখান থেকে উলুবেড়িয়া-আমতা রুটের বেসরকারি বাস ছাড়াও উলুবেড়িয়া-শিয়ালদহ রুটের সরকারি বাস ছাড়ে। তবে সেই বাস পাওয়া আর লটারি জেতা প্রায় সমান বলেই দাবি করছেন স্থানীয়রা। 
সম্পর্কিত সংবাদ