সংবাদদাতা, উলুবেড়িয়া: শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানার তপনা পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামের পণ্ডিতপাড়ায় তৃণমূল নেতা সমীরণ পণ্ডিত খুন হয়েছিলেন। ওই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত বিকাশ পণ্ডিতকে রবিবার বিকেলে একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিস। ধৃতকে আজ সোমবার উলুবেড়িয়া আদালতে তোলার কথা। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করল পুলিস। প্রসঙ্গত, আবাস তালিকায় তাঁর নাম না থাকার পিছনে স্থানীয় তৃণমূল নেতা সমীরণ পণ্ডিতের হাত আছে, এই সন্দেহে শুক্রবার সন্ধ্যায় তাঁকে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে বিকাশ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ওই রাতেই সমীরণ পণ্ডিতের মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করতে পারলেও মূল অভিযুক্ত বিকাশ পলাতক ছিল। অবশেষে এদিন পুলিস বিকাশকে পাকড়াও করতে সক্ষম হয়েছে।



