সংবাদদাতা, উলুবেড়িয়া: শিয়ালের কামড়ে এক মহিলা সহ চার গ্রামবাসী জখম হওয়ায় আতঙ্ক ছড়াল উদয়নারায়ণপুর ব্লকের হরালি গ্রামে। গ্রামে শিয়ালের আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, লাঠি হাতে রাস্তায় বেরতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। শেষমেশ শিয়াল ধরতে খাঁচা পেতেছে বনদপ্তর। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন চক্রবর্তী বলেন, বুধবার সন্ধ্যায় সুলতানপুরের দেঁড়েপাড়ায় একটি শিয়াল ঢুকে পড়ে। পথচলতি কয়েকজনকে কামড়ে দেয় ওই শিয়াল। একটি কুকুরকেও কামড়েছে সেটি। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সুমনবাবু বলেন, আমরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করার পর বৃহস্পতিবার হাওড়া আরবান রেঞ্জের কর্মী এসে শিয়াল ধরতে খাঁচা পাতেন। দপ্তরের আধিকারিক হুমায়ুন কবীর বলেন, আমরা খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে শিয়াল ধরতে এলাকায় খাঁচা পেতেছি। আমাদের কর্মীরা প্রতিনিয়ত এলাকায় নজর রাখছেন।



