মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে ‘অপারেশন টাইগার’ ঘিরে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, শিবসেনা (উদ্ধব)-র কয়েকজন সাংসদ দলবদল করে একনাথ সিন্ধে নেতৃত্বাধীন শিবিরে যোগ দিতে পারেন। এই আবহে রবিবার দলের সাংসদদের নিয়ে জরুরি বৈঠক করলেন উদ্ধব থ্যাকারে। দলের দাবি, ম্বইয়ের ‘মাতোশ্রী’-তে হওয়া এই বৈঠকে ৯ জন সাংসদই উপস্থিত ছিলেন। বৈঠকের পর দলের একমাত্র রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত জানান, ‘দলের সাংসদরা ঐক্যবদ্ধ। আশা করছি, এবার অন্তত জল্পনা-কল্পনার অবসান হবে।’
দলের তরফে জানানো হয়েছে, চার সাংসদ সরাসরি বৈঠকে যোগ দেন। তাঁরা মধ্যে ছিলেন মুম্বইয়ের তিন সাংসদ অনিল দেশাই, অরবিন্দ সাওয়ান্ত এবং সঞ্জয় পাতিল। পাশাপাশি নাসিকের রাজাভাউ ওয়াজে সহ আরও চার সাংসদ ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। পারভানির সাংসদ সঞ্জয় যাদব ফোনে উদ্ধবের সঙ্গে কথা বলেন। দলের এক সাংসদের দাবি, ব্যক্তিগত কারণে কয়েকজন সাংসদ সরাসরি উপস্থিত থাকতে পারেননি। সূত্রের খবর, বৈঠকে সাংসদদের মহারাষ্ট্র সরকারের ঘোষিত কৃষিঋণ মকুবের অর্থ বণ্টনের উপর নজর রাখতে বলেছেন ঊদ্ধব। পাশাপাশি স্থানীয় স্তরে দলীয় বিধায়কদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করারও নির্দেশ দেন তিনি।