প্রতীক মামলায় নথি জমা দেওয়ার জন্য আরও সময় পেল দুই তৃণমূল, কাগজপত্র ছিনতাই করতে চাইছে মমতা শিবির, অভিযোগ ঋতব্রতর
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুল কোন শিবিরের হাতে থাকবে, তা নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় নথি জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় পেল ঋতব্রত তৃণমূল। সোমবার সুপ্রিম কোর্টের কাছে নথি জমা দেওয়ার জন্য আরও দু’সপ্তাহ সময় চায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। যদিও অতিরিক্ত সময় চাওয়ায় বিরোধিতা করেন মমতা তৃণমূলের দুই আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে শীর্ষ আদালত ঋতব্রতদের আরও ১০ দিন সময় দিয়েছে নথি জমা দেওয়ার জন্য। ঋতব্রতরা হলফনামা আকারে সেই নথি জমা দেওয়ার পর আরও ১০ দিন সময় পাবেন মমতাপন্থীরা।

Advertisement

তৃণমূলের প্রতীক ইস্যুতে গত ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মমলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৮ সেপ্টেম্বর সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, চার সপ্তাহের মধ্যে দু’পক্ষকে তাদের বক্তব্য জানাতে হবে নির্বাচন কমিশনকে। সেই বক্তব্য জমা পড়ার পর তথ্য যাচাই করে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আদালতের সেই নির্দেশ মোতাবেক ২৬ অক্টোবরের মধ্যে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয় দুই তৃণমূলকে। কিন্তু আরও সময় চাইল ঋতব্রতপন্থীরা। ফলে প্রতীক সংক্রান্ত জটিলতার সমাধান আরও কিছুদিন পিছিয়ে গেল। 
এদিকে, এই হলফনামা বা নথির বিষয়ে মমতা তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘কালীঘাটের হলফনামা গিয়েছে চাটার্ড ফ্লাইটে। কিন্তু বিমানে করে নথি দিল্লি নিয়ে যাওয়ার আর্থিক ক্ষমতা আমাদের ছিল না। তাই সড়কপথে ট্রাকে করে নথি নিয়ে যাওয়া হচ্ছিল। হরিয়ানা সীমানায় আমাদের নথি বোঝাই ট্রাকে হামলা হয়। নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। আমাদের কর্মীরা বাধা দেন। কিন্তু স্বৈরাচারীদের লুটপাটের চেষ্টা সফল হবে না।’ মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পালটা বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। ওদের সঙ্গে কোনো লোক নেই। তাই হলফনামা জোগাড় করতে পারছে না। তাই এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে। ওদের লোক নেই বলেই বিজেপির সহযোগিতা নিয়েছে। রাজ্য পুলিশের ওসি, আইসিদের কাজে লাগিয়ে হলফনামা জোগাড়ের চেষ্টা করেছেন ঋতব্রতরা।’
এদিকে, দেশের মুখ্য  নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে মমতা তৃণমূল। জ্ঞানেশ কুমারের নিয়োগ এবং তাঁর একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলা, যা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মমতা তৃণমূলের আইনজীবীরা। এই মামলার শুনানি চলতি সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রতর বাম পায়ের আঙুল ভেঙেছে। সেই অবস্থায় দিল্লিতে দলীয় নথি সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা ফিরে পায়ের চিকিৎসা করাবেন তিনি।