Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় কৃষি কর্মাধ্যক্ষ সহ ২ জনের যাবজ্জীবন

বেহাল রাস্তা নিয়ে মুখ খোলায় তৃণমূল কর্মী বাবর আলিকে খুনের ঘটনায় গোলাম শেখসহ ২ জনের যাবজ্জীবন সাজা। বিস্তারিত পড়ুন।

তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় কৃষি কর্মাধ্যক্ষ সহ ২ জনের যাবজ্জীবন
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: বেহাল রাস্তা নিয়ে মুখ খোলায় দলীয় কর্মী বাবর আলিকে গুলি করে খুন করা হয়েছিল। ওই মামলায় ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখ সহ দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার লালবাগ মহকুমা ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক ঋষি কুশারি তাদের সাজা ঘোষণা করেন।

Advertisement

তৃণমূল কর্মী বাবর ভগবানগোলা থানার মহিষাস্থলি পঞ্চায়েতের রমনা ডাঙাপাড়ার বাসিন্দা ছিলেন। এলাকার বেহাল রাস্তা নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সেই কারণে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলামের রোষের মুখে পড়েন। গোলামের দলবল নানাভাবে বাবরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করে। ২০২৪ সালের ১৬ আগস্ট সকালে বাবর তার নিজের বাড়ির সামনে টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন। সেই সময় গোলাম ও তার দলবল চড়াও হয়ে বাবর আলিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি বাবরের মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মৃতের ভাগ্নে আরিফ শেখ কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখ সহ ন’জনের বিরুদ্ধে ভগবানগোলা থানায় খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের কয়েকদিন পর পুলিশ গোলাম সহ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
সরকারি আইনজীবী কুণাল কান্তি ঘোষ বলেন, গোলাম ও তার দলবল বাবর আলিকে নৃশংসভাবে খুন করে। বিচারক সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার গোলাম এবং মিঠু শেখকে দোষী সাব্যস্ত করেন। সাতজনকে বেকসুর খালাসের নির্দেশ দেন। এদিন বিচারক দু’জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। 
আসামি পক্ষের আইনজীবী সওকত আলি বলেন, ওই ঘটনার সঙ্গে আমার দুই মক্কেল কোনোভাবেই জড়িত নয়। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে ফাঁসানো হয়ে। আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। মৃতের মেয়ে বিলকিস বিবি বলেন, দু’জনের সাজা হয়েছে। বাকিদের সাজা হলে আরও খুশি হতাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ